দিন শেষে নিম্নমুখী হলো ডিএসইর সূচক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে লেনদেন গতকালের চেয়ে সামান্য বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন দুই-ই গতকালের চেয়ে বেড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৬.৫৬ পয়েন্ট কমে ৪৪৪৬.৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে আজ লেনদেন শুরু হয়। দুপুর ১২টার দিকে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৭০ পয়েন্ট বেড়েছিল। তবে বেলা পৌনে একটার পর থেকে সূচকের তির নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৬টির দাম বেড়েছে, কমেছে ১৪৭টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৭৮৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৮২ কোটি টাকা বেশি।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: বিএসসিসিএল, তিতাস গ্যাস, এমআই সিমেন্ট, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, কেপিসিএল, বেক্সিমকো, মেঘনা পেট্রোলিয়াম, আরএন স্পিনিং, যমুনা অয়েল ও কেয়া কসমেটিকস।অন্যদিকে, সিএসইর সার্বিক মূল্যসূচক ১৮ পয়েন্ট বেড়ে ১৩৪৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ ২০৫টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৫টির দাম বেড়েছে। কমেছে ১০২টির আর অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৯০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৭ কোটি টাকা বেশি।