দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক পাঁচ হাজার পয়েন্টের ওপরেই রয়েছে এবং লেনদেনের পরিমাণও বেড়েছে বেশ। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিনের শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৯৯ পয়েন্ট বেড়ে ৫,০৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। প্রথম আধা ঘণ্টায় সূচক বাড়ে ৬৫ পয়েন্ট। দুপুর একটার দিকে সূচক বৃদ্ধির হার দাঁড়ায় ৯০ পয়েন্ট। ডিএসইতে আজ মোট ২৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২১২টির, কমেছে ৪২টির আর অপরিবর্তিত রয়েছে ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৮২১ কোটি টাকার লেনদেন হয়েছে।দিনের শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: গ্রামীণফোন, তিতাস গ্যাস, বেক্সিমকো, এমজেএল বাংলাদেশ, যমুনা অয়েল, সামিট পাওয়ার, ইউনাইটেড এয়ারওয়েজ, লাফার্জ সুরমা সিমেন্ট, এমআই সিমেন্ট এবং খুলনা পাওয়ার কোম্পানি লি.।