দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। পাশাপাশি সূচকও বেড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৮৪ পয়েন্ট বেড়ে ৫,৫০২ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। প্রথম ছয় মিনিটে সূচক বেড়ে যায় ৩৩ পয়েন্ট। এরপর থেকে সূচক বাড়ার হার অব্যাহত ছিল এবং বেলা ১২ টায় সূচক বাড়ার হার সর্বোচ্চ ১২৭ পয়েন্ট ছিল। একটু কমে দুপুর একটায় সূচক বাড়ার হার ছিল ৭০ পয়েন্ট। এরপর সূচক আবার বাড়তে থাকে।আজ লেনদেন হওয়া ২৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১৬৯টির দাম, কমেছে ৮২টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ১,০১৩ কোটি টাকার লেনদেন হয়েছে।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: গ্রামীণফোন, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল, তিতাস গ্যাস, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, লঙ্কাবাংলা ফিন্যান্স, ইসলামী ব্যাংক, উত্তরা ফিন্যান্স এবং স্কয়ার ফার্মা।