দিন শেষে সূচক ঊর্ধ্বমুখী
টানা দুই দিনের দরপতনের পর আজ মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। আজ সারা দিন সূচকের ওঠানামা থাকলেও প্রথম সোয়া ঘণ্টায় বেশ ওঠানামা চলে। ডিএসই সাধারণ সূচকের অবস্থান চার হাজার পয়েন্টের উপরে থেকেই দিনের লেনদেন শেষ হয়। অন্যদিকে, লেনদেনের পরিমাণ কিছুটা কমলেও বাড়ে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৩৩ পয়েন্ট বেড়ে ৪,০২৭ পয়েন্টে দাঁড়ায়। সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। ১৫ মিনিটের মাথায় সূচক গতকালের চেয়ে ১৬ পয়েন্ট কমে গেলেও ৩৫ মিনিটে বেড়ে যায় ৩৮ পয়েন্ট। সূচক বাড়ার হার কমে গিয়ে বেলা সোয়া ১১টার দিকে বাড়ে ৮ পয়েন্ট। এক ঘণ্টায় সূচক বাড়ে ২৬ পয়েন্ট। বেলা ১২টা পাঁচ মিনিটে সূচক বাড়ার হার সর্বোচ্চ ৭৭ পয়েন্ট ছিল। দুই ঘণ্টায় বাড়ে ৫৫ পয়েন্ট। এরপর আরো কমে যায় সূচক বাড়ার হার।আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮৫টির দাম বাড়ে। কমে ৫১টির আর অপরিবর্তিত ছিল ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ ১২১ কোটি টাকার লেনদেন হয়, যা গতকালের চেয়ে প্রায় এক কোটি টাকা কম।ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লি., মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লি., যমুনা অয়েল, বেক্সিমকো, তিতাস গ্যাস, লংকা-বাংলা ফিন্যান্স লিমিটেড এবং লাফার্জ সুরমা সিমেন্ট।