দিন শেষে সূচক কমল পুঁজিবাজারে
সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। গতকাল রোববারের ধারাবাহিকতায় আজও দুই স্টক এক্সচেঞ্জে সূচকের পতন হয়েছে। পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকালের অবস্থানে রয়েছে। দুই স্টক এক্সচেঞ্জে দিন শেষে সূচক কমলেও শুরুতে ইতিবাচক প্রবণতায় ছিল।
ডিএসইতে সূচক কমেছে ৩৪ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪,৩৭৬ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ১০ মিনিটে সূচক ৬ পয়েন্ট বাড়ে। এরপর একাধিকবার ওঠানামার পর নিম্নমুখী প্রবণতায় যায় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
গতকাল রোববার ডিএসইতে সূচক কমেছিল ২৫ পয়েন্ট।
ডিএসইতে আজ ২৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৬টিরই দাম কমেছে। বেড়েছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ১৯১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৪ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ২১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে বেক্সিমকো
গতকালের মতো আজও ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে বেক্সিমকো। আজ এই প্রতিষ্ঠানের ১৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া অ্যাপোলো ইস্পাত, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসসি, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, জেনারেশন নেক্সট ফ্যাশন, দ্য পেনিনসুলা চিটাগং, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ইউনাইটেড এয়ার প্রভৃতি।
সিএসইর সার্বিক মূল্যসূচক কমেছে ১১২ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৪৬৩ পয়েন্টে।
সিএসইতে আজ ২০২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৬টিরই দাম কমেছে, বেড়েছে ৩৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
গতকালের মতো আজও সিএসইতে ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।