দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। দিন শেষে লেনদেনের পরিমাণ এবং লেনদেন হওয়া প্রায় সব কটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। পাশাপাশি কমেছে সূচকও।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসই সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ১১৭ পয়েন্ট কমে ৪,৯০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিকে আজ হাইকোর্টে এনসিসি ব্যাংকের পরিচালক নুরুল ইসলাম পরিচালকদের শেয়ার কেনার সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়ে আরেকটি রিট করেন। আদালত আগামী চার সপ্তাহের মধ্যে বিষয়টি কেন নিষ্পত্তি করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন।হাইকোর্ট গতকাল পরিচালকদের শেয়ার ধারণ-সংক্রান্ত বিষয়ে এসইসির নির্দেশনাকে বৈধ বলে রায় দেওয়ার পর কিছু সময়ের জন্য শেয়ার বাজারে চাঙাভাব দেখা গেলেও আজ বাজার নিস্তেজ হয়ে গেছে। রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, এর ফলে বাজারে স্থিতিশীলতা আসবে এবং ফটকাবাজি অনেক কমে যাবে। ডিএসই ও সিএসইর সভাপতিরা ওই রায়কে যুগান্তকারী ও ঐতিহাসিক বলে মন্তব্য করেন। বাজার সংশ্লিষ্টরা বলছেন, পরিচালকদের শেয়ার কেনার বিষয়টি এখনো নিষ্পত্তি না হওয়ায় বাজারে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক গতকালের চেয়ে বেড়ে যায় ২৯ পয়েন্ট। আবার ২৫ মিনিটে গতকালের চেয়ে কমে যায় চার পয়েন্ট। আধা ঘণ্টায় আবার বাড়ে ১৮ পয়েন্ট। বেলা একটায় সূচক ৩৭ পয়েন্ট কমে। বেলা দুইটার দিকে সূচক কমে ৮৮ পয়েন্ট। এভাবে সময়ের সঙ্গে সূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকে। আজ লেনদেন হওয়া ২৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে মাত্র ১৩টির দাম, কমেছে ২৪০টির আর অপরিবর্তিত আছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ২৬১ কোটি টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ২১৬ কোটি টাকা কম।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো— লঙ্কাবাংলা ফিন্যান্স, গ্রামীণফোন, যমুনা অয়েল, লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, বেক্সিমকো, আফতাব অটোমোবাইলস, এমআই সিমেন্ট, ন্যাশনাল ব্যাংক লিমিটেড এবং পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স. সার্ভিসেস লি.।