দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে। পাশাপাশি কমেছে সূচক ও লেনদেনের পরিমাণও। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক গত বৃহস্পতিবারের চেয়ে ১৫২ পয়েন্ট কমে ৫,০১১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিকে পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর পরিচালকদের শেয়ারধারণ সংক্রান্ত সময়সীমা বাড়ানো হবে বলে সৃষ্ট গুজব আজকের দরপতনের পেছনে প্রভাব ফেলতে পারে। যদিও ডিএসইর পক্ষ থেকে আজও বলা হয়েছে, পরিচালকদের শেয়ারধারণ সংক্রান্ত সময়সীমা কিছুতেই আর বাড়ানো হবে না। এছাড়া গত কয়েকদিন ধরে চলে আসা রাজনৈতিক অস্থিতিশীলতাও পুঁজিবাজারে দরপতনে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করছেন তারা। সূচকের সামান্য ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হলেও ১৩ মিনিটে সূচক কমে যায় ৬৬ পয়েন্ট। এরপর সময়ের সঙ্গে সূচক কমার হারও বাড়তে থাকে। আধা ঘণ্টায় সূচক কমে ৯১ পয়েন্ট। দুপুর একটার দিকে সূচক কমার হার দাঁড়ায় ১১৮ পয়েন্ট। এভাবে কমতে কমতে বিকাল তিনটার দিকে সাধারণ সূচকের অবস্থান পাঁচ হাজার পয়েন্টের নিচে চলে গিয়েছিল। আজ লেনদেন হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে মাত্র ৩০টির দাম, কমেছে ২২২টির আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৪৩০ কোটি টাকার লেনদেন হয়েছে।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: গ্রামীণফোন, বেক্সিমকো, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, এমআই সিমেন্ট, লঙ্কাবাংলা ফিন্যান্স, স্কয়ার ফার্মা, জিপিএইচ ইস্পাত, ইসলামী ব্যাংক এবং তিতাস গ্যাস।