দেশের পুঁজিবাজারে আজ সোমবার সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ করা গেছে। দিন শেষে দুই বাজারেই সূচক কমলেও গতকালের চেয়ে লেনদেন সামান্য বেড়েছে। তবে লেনদেনের শুরু থেকেই বাজারে কিছুটা অস্থিরতা লক্ষ করা যায়।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণ-সংক্রান্ত বিষয়ে গতকাল একটি রুল জারি করেন হাইকোর্ট। এ-সংক্রান্ত বিষয় নিয়ে আজ বিনিয়োগকারীদের মধ্যে বেশ অস্থিরতা লক্ষ করা যায়, যার নেতিবাচক প্রভাব বাজারে পড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৭.৭৩ পয়েন্ট কমে ৫০৯৯.০৪ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। প্রথম আধা ঘণ্টায় সূচক কমে যায় ৩৭ পয়েন্ট। যদিও প্রথম সাত মিনিটেই সূচক কমে গিয়েছিল ৬৩ পয়েন্ট। এরপর সূচক কমার হার কিছুটা হ্রাস পায় এবং একসময় তা ঊর্ধ্বমুখী হতে থাকে। বেলা একটার দিকে সূচক বাড়ে ২০ পয়েন্ট। পরে অবশ্য সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয় দিনের লেনদেন।আজ লেনদেন হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ৮৩টির দাম, কমেছে ১৬২টির আর অপরিবর্তিত রয়েছে ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৬৮৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১১ কোটি টাকা বেশি।ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: তিতাস গ্যাস, যমুনা অয়েল, জিএসপি ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, গ্রামীণফোন, এমআই সিমেন্ট, ডেসকো, বেক্সিমকো, লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম এবং এমজেএল বাংলাদেশ লিমিটেড।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৬.৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৮৬৫.৬২ পয়েন্টে। সিএসইতে আজ মোট ১৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৭টিরই দাম কমেছে। বেড়েছে ৪২টির, আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৬৭ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১১ কোটি টাকার বেশি।