দিন শেষে সূচক নিম্নমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও, শেষ হয়েছে নিম্নমুখী প্রবণতায়। দিন শেষে লেনদেনের পরিমাণ বাড়লেও লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। পাশাপাশি সূচকও কমেছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসই সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৩৬ পয়েন্ট কমে ৫,০২০ পয়েন্টে দাঁড়িয়েছে। এতে করে গতকাল ঊর্ধ্বমুখী থাকার পর আজ আবার নিম্নমুখী হল সূচক। সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হলেও পাঁচ মিনিটে গতকালের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে যায়। ২০ মিনিটে সাত পয়েন্ট কমে যায়। আধা ঘণ্টায় বাড়ে ২৩ পয়েন্ট। দুপুর পৌনে ১২টায় সূচক সর্বোচ্চ ৪৬ পয়েন্ট পর্যন্ত বেড়েছিল। এরপর সময়ের সঙ্গে সূচক কমতে কমতে নিম্নমুখী প্রবণতায় শেষ হয় দিনের লেনদেন।আজ লেনদেন হওয়া ২৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ৭৩টির দাম, কমেছে ১৭০টির আর অপরিবর্তিত আছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৪৩৩ কোটি টাকার লেনদেন হয়েছে।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো— ইউসিবিএল, লঙ্কাবাংলা ফিন্যান্স, বেক্সিমকো, সিটি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, কনফিডেন্স সিমেন্ট, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং গ্রামীণফোন।