দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্যে শেষ হলো লেনদেন। দিনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ওঠানামা চললেও, পরে সূচক নিম্নমুখী হতে থাকে এবং এভাবেই শেষ হয় লেনদেন। একই সঙ্গে কমে লেনদেনের পরিমাণ ও লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিন শেষে ডিএসই সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ২৮ পয়েন্ট কমে ৪,২০৮ পয়েন্টে দাঁড়ায়। লেনদেনের পাঁচ মিনিটের মাথায় সূচক গতকালের চেয়ে ১২ পয়েন্ট বাড়ে। ২৫ মিনিটে বাড়ে ২৭ পয়েন্ট। একটু কমে আধা ঘণ্টায় বাড়ে ১৪ পয়েন্ট। এভাবে ওঠানামা করতে করতে বেলা সোয়া ১২টায় সূচক নিম্নমুখী হয়ে গতকালের চেয়ে ১৩ পয়েন্ট কমে। বেলা দেড়টায় সূচক কমার হার সর্বোচ্চ ৩৯ পয়েন্ট ছিল।আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৮টির দাম বাড়ে। কমে ১৯৭টির আর অপরিবর্তিত ছিল ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ২৭৮ কোটি টাকার লেনদেন হয়। যা গতকালের চেয়ে প্রায় ৯৯ কোটি টাকা কম।ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লি., ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লি., সামিট পাওয়ার, স্কয়ার ফার্মা, তিতাস গ্যাস, আরএন স্পিনিং মিলস, কেয়া কসমেটিকস লিমিটেড এবং বারাকাতুল্লাহ ইলেকট্রো ডাইনামিকস লি.।