দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। আজ লেনদেনের পরিমাণ এবং লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। পাশাপাশি বেড়েছে সূচকও। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসই সাধারণ মূল্যসূচক গত বৃহস্পতিবারের চেয়ে ১২১ পয়েন্ট বেড়ে ৪,৮৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। ২৫ মিনিটে সূচক গত বৃহস্পতিবারের চেয়ে ৫১ পয়েন্ট বেড়ে যায়। একটু কমে আধা ঘণ্টায় বাড়ে ৪৮ পয়েন্ট। সূচক কমার হার আরো কমে ১১টা ১০ মিনিটের দিকে বাড়ে ৩১ পয়েন্ট। দুপুর ১২টা ১০ মিনিটের দিকে সূচক বাড়ার হার সর্বোচ্চ ৯৩ পয়েন্ট ছিল। এভাবে কিছুটা ওঠানামা থাকলেও দিনের শেষ পর্যন্ত সূচক বাড়ছিল। আজ লেনদেন হওয়া ২৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ২৪৪টির দাম, কমেছে মাত্র ১৭টির আর অপরিবর্তিত আছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ২৭৭ কোটি টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে প্রায় ৯২ কোটি টাকা বেশি।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো— লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, লঙ্কাবাংলা ফিন্যান্স, গ্রামীণফোন, যমুনা অয়েল, স্কয়ার ফার্মা, বেক্সিমকো, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, জিপিএইচ ইস্পাত এবং এমআই সিমেন্ট।