টানা কয়েকদিনের দরপতনের পর আজ মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। বেলা সাড়ে ১১টার দিকে সূচক বাড়ার হার অপেক্ষাকৃত কম থাকলেও, আজ সারাদিন সূচকের ভালই উল্লম্ফন দেখা গেছে। পাশাপাশি লেনদেনের পরিমাণ ও লেনদেন হওয়া প্রায় সব কটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসই সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ১৩৪ পয়েন্ট বেড়ে ৪,৪০০ পয়েন্টে দাঁড়ায়।সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক গতকালের চেয়ে ১৩ পয়েন্ট বাড়ে। আধা ঘণ্টায় বাড়ে ৪০ পয়েন্ট। এরপর কমে গিয়ে ১১টা ৩৫ মিনিটের দিকে সূচক বাড়ার হার দাঁড়ায় নয় পয়েন্ট। এরপর আবারো দ্রুত বেড়ে দুই ঘণ্টায় সূচক বাড়ার হার ছিল ৮০ পয়েন্ট। বেলা আড়াইটায় সূচক বাড়ার হার সর্বোচ্চ ১৬৯ পয়েন্ট ছিল।আজ লেনদেন হওয়া ২৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বাড়ে ২৫৩টির দাম, কমে মাত্র নয়টির আর অপরিবর্তিত ছিল ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ১৬২ কোটি টাকার লেনদেন হয়। যা গতকালের চেয়ে প্রায় ২০ কোটি টাকা বেশি।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো গ্রামীণফোন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, স্কয়ার ফার্মা, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, কেয়া কসমেটিকস, লংকাবাংলা ফিন্যান্স, লাফার্জ সুরমা সিমেন্ট, জিপিএইচ ইস্পাত এবং তিতাস গ্যাস।