দিন শেষে সূচক বাড়ল ৭৭ পয়েন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দুই দিনের দরপতনের পর আজ সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊল্লম্ফনের মধ্য দিয়ে শেষ হলো লেনদেন। আজ সোমবার শুরুতে সূচকের ওঠানামায় লেনদেন চললেও আধা ঘণ্টা শেষে সূচক ঊর্ধ্বমুখী হতে শুরু করে। মাঝে কিছুক্ষণের জন্য সূচকে আবারো ওঠানামা দেখা গেলেও দিনের শেষ পর্যন্ত মূলত ঊর্ধ্বগামী ছিল তা। একই সঙ্গে বাড়ে লেনদেনের পরিমাণ ও প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৭৭ পয়েন্ট বেড়ে ৪,২০১ পয়েন্টে দাঁড়ায়।আজ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। লেনদেনের পাঁচ মিনিটের মাথায় সূচক গতকালের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে যায়। ১০ মিনিটে বাড়ে ২৩ পয়েন্ট। এরপর সূচক বাড়ার হার কমতে থাকে এবং ২৫ মিনিটে তা পাঁচে নেমে আসে। আধা ঘণ্টায় সূচক নিম্নমুখী হয়ে গতকালের চেয়ে তিন পয়েন্ট কমে যায়। এরপর সূচক আবার বাড়তে থাকে এবং বেলা ১১টা ৫৫ মিনিটে সূচক বাড়ে ৪৪ পয়েন্ট। এরপর কিছুটা কমে বেলা ১২টা ২০ মিনিটে সূচক বাড়ার হার দাঁড়ায় ২৪ পয়েন্ট। পরে সূচক বাড়ার হার আবারো বেড়ে যায় এবং দিনের শেষ পর্যন্ত তা বাড়তে থাকে। বেলা দুইটায় সূচক বাড়ার হার সর্বোচ্চ ৯৬ পয়েন্ট ছিল। আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২২৭টিরই দাম বাড়ে। কমে ২০টির আর অপরিবর্তিত ছিল ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ ২০৮ কোটি টাকার লেনদেন হয়, যা গতকালের চেয়ে প্রায় ২৬ কোটি টাকা বেশি।ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, মেঘনা পেট্রোলিয়াম লি., কেয়া কসমেটিকস লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লি., যমুনা অয়েল, জিপিএইচ ইস্পাত, এমআই সিমেন্ট, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লি., ও তিতাস গ্যাস।