দিন শেষে সূচক বাড়লো দুই বাজারে
দেশের পুঁজিবাজারে আজ বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া প্রায় সব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। পাশাপাশি সূচকও বেড়েছে। একই সঙ্গে লেনদেনও গতকালের চেয়ে সামান্য বেড়েছে দুই বাজারে।বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য প্রণোদনার যে সুবিধা দেওয়া হয়েছে, তা বড় বিনিয়োগকারীদের না দেওয়ায় বাজারে এক প্রকার অস্থিরতা সৃষ্টি হয়। এর ফলে কয়েকদিন ধরে দরপতনের ঘটনা ঘটে। তবে অস্থিরতা অনেকটা কমতে শুরু করায় বাজারে ইতিবাচক প্রভাব পড়ে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৬০.৪৭ পয়েন্ট বেড়ে ৪,৩৪৫.০১ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। দুপুর ১২টার দিকে সূচক ৬০ পয়েন্ট কমে যায়। এরপর থেকে সূচক ঊর্ধ্বমুখী হয়ে দিন শেষে গতকালের চেয়ে ৬০ পয়েন্ট বাড়ে সূচক।ডিএসইতে আজ ২৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ২২০টিরই দাম বেড়েছে। কমেছে ২৬টির আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে আজ মোট ১৮৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ছয় কোটি টাকা বেশি।দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: বেক্সিমকো, গ্রামীণফোন, আরএন স্পিনিং, ইউনাইটেড এয়ার, এনসিসি ব্যাংক, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, সিঙ্গার বিডি, এমআই সিমেন্ট, সামিট পাওয়ার ও কেয়া কসমেটিকস।অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৭৭.৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১২৫৭২.১২ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ১৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৬টিরই দাম বেড়েছে। কমেছে ২৭টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ২৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে তিন কোটি টাকা বেশি।