দিন শেষে সূচক বেড়েছে ৩২ পয়েন্ট
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার সূচকের ওঠানামার মধ্য দিয়ে দিনের লেনদেন শুরু হলেও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। পাশাপাশি সূচকও বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বিকাল তিনটার দিকে ডিএসইর সাধারণ মূল্যসূচক গত দিনের চেয়ে ৩২ পয়েন্ট বেড়ে ৪,৩৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। সকালে শুরুতে সূচক ছিল নিম্নমুখী। প্রথম আধা ঘণ্টায় সূচক কমেছিল দুই পয়েন্ট। এরপর থেকে সূচক কমার হার কমে আসে এবং পরে সূচক ঊর্ধ্বমুখী হয়।ডিএসইতে আজ ২৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৯৫টির, কমেছে ৪২টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ১৪২ কোটি টাকার লেনদেন হয়েছে।ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: বেক্সিমকো, সামিট পাওয়ার, গ্রামীণফোন, তিতাস গ্যাস, বিএসআরএম স্টিল, লঙ্কাবাংলা ফিন্যান্স, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস লি., স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক এবং ইউনাইটেড এয়ারওয়েজ।