দিনটি যেন কটলারকে ঘিরেই!
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নামী-দামি অনেক বিশেষজ্ঞেরই পদচারণ ঘটেছে প্রথম বিশ্ব বিপণন সম্মেলনে। শুধু বিপণন নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন ঢাকায় হচ্ছে। তাই প্রত্যাশার ছড়াছড়ি। কিন্তু গতকাল শুরু হওয়ার পর অনেকটাই নিষ্প্রভ ঠেকেছে আয়োজন। ছিল কিছু অব্যবস্থাপনারও ছাপ। তবে সবকিছু যেন ছাপিয়ে গেছে বিশ্বব্যাপী বিপণনশাস্ত্রের গুরু হিসেবে খ্যাত ফিলিপ কটলারের উপস্থিতি।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকালে আনুষ্ঠানিক উদ্বোধনের পর সারা দিনে ২০টির বেশি পৃথক আলোচনা ছিল। কিন্তু ফিলিপ কটলার যেখানে ছিলেন, সেখানেই যেন জড়ো হচ্ছিলেন সবাই।গণমাধ্যমকে সময় দিতে বিকেলে কটলার নিজেই এলেন সংবাদ সম্মেলনে। কথা বললেন। জবাবও দিলেন বিভিন্ন প্রশ্নের। এরপর ছিল তাঁর একক অধিবেশন, যাকে বলা হয়েছে তারকা বক্তা অধিবেশন। ভিড় যেন উপচে পড়ল অধিবেশনকক্ষে।গত বছর জুলাই মাসে প্রথমবার ঢাকায় এসেছিলেন ফিলিপ কটলার। নয় মাসের মধ্যে দ্বিতীয়বার এলেন বিরাট বড় পরিসরে এই বিশ্ব বিপণন সম্মেলনে। বিপণনের মাধ্যমে উন্নত বিশ্ব গড়ে তোলার লক্ষ্য নিয়ে ঢাকায় শুরু হয়েছে এই সম্মেলন। ফিলিপ কটলারের উদ্যোগে প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড মার্কেটিং সামিট লিমিটেডের উদ্যোগে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।প্রথম দিন বিকেল চারটায় ব্রিফিংয়ে কটলার বলেন, বর্তমান সময়ে বিপণন খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখনকার বিপণনে জনগণের জীবনযাত্রা কীভাবে উন্নত করা যায়, কীভাবে সন্তুষ্ট জীবন যাপন করা যাবে সেটি খুঁজে পাওয়া যায় না। এই বিষয়টির ওপরই সম্মেলনে জোর দেওয়া হচ্ছে। কটলার আরও বলেন, সামাজিক বিপণন হচ্ছে এমন একটি কৌশল, যা মানুষ ও সমাজের ভালো করার জন্য ব্যবহূত হবে। যেমন, অনেক পরিবারই পরিবার পরিকল্পনা গ্রহণ করে না। বেশি সন্তান নেয়। কীভাবে তাদের মধ্যে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার বাড়ানো যায়, সে বিষয়টি নিয়ে কাজ করা প্রয়োজন। মানুষের মধ্যে এই বিষয় সম্পর্কে কীভাবে সচেতনতা বাড়ানো যায়, এটাই সামাজিক বিপণন। কটলার জানালেন, সম্মেলনে যোগ দিতে আসা খ্যাতিমান ব্যক্তিত্বরা শুধু সামাজিক বিপণন নিয়েই বলবেন না। কীভাবে সামাজিক ব্যবসা করা হবে, ব্যবসায়ের কৌশল কী হবে, সেসব বিষয়েও আলোচনা করবেন।বিপণনের মাধ্যমে উন্নত বিশ্ব উন্নতভাবে গড়তে একটি মডেলের কথা বলা হচ্ছে উল্লেখ করে কটলার বলেন, এই মডেলে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও পরিবেশ নিয়ে কাজ করার বিষয়টি আলোচনা হচ্ছে।শিশুদের সামাজিক বিপণনের বড় প্রতিনিধি মন্তব্য করে কটলার বলেন, শিশুরা তাদের মা-বাবার ওপর ভালো প্রভাব বিস্তার করতে পারে। তাই তাদের উদ্দেশ করে বিভিন্ন বার্তা দেওয়া হলে সেটা দিয়ে তাদের মা-বাবার আচরণ পরিবর্তনে ভূমিকা রাখতে পারবে। সরকার কীভাবে কার্যকরভাবে সামাজিক বিপণন করতে পারে—এমন প্রশ্নের জবাবে কটলার বলেন, সব দেশেই সরকারি, বেসরকারি ও এনজিও—এই তিনটি খাত থেকে কাজ হয়। এ ক্ষেত্রে সরকারি খাতের বিপণন খুব গুরুত্বপূর্ণ। কারণ নাগরিকদের সেবা করার জন্যই সরকার থাকে। রাজনীতিবিদেরা হচ্ছেন জনগণের সেবক। তাই সরকারের দায়িত্ব অনেক বেশি। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। এ দেশের সরকার তার জনগণের জীবনযাত্রার মান বাড়াতে আন্তরিকভাবে কাজ করছে। তারা তাদের জনগণকে সাহায্য করতে চায়।’বাংলাদেশের ভবিষ্যৎ বলতে গিয়ে কটলার বলেন, ‘বাংলাদেশ একটি দ্রুত অগ্রসরমান দেশ, ধীর প্রবৃদ্ধির নয়।’কোনো প্রতিষ্ঠান সামাজিক বিপণন করছে কি না, সেটা কীভাবে চেনা যাবে—জানতে চাইলে ফিলিপ কটলার বলেন, সব ব্যবসায়িক প্রতিষ্ঠানই মুনাফা করবে। পাশাপাশি মুনাফার একটি অংশ সাধারণ মানুষের উন্নয়নেও ব্যয় করতে হবে। এটা হচ্ছে ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা (সিএসআর)। আর কোনো প্রতিষ্ঠান যখন সুনির্দিষ্ট লক্ষ্যে সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করে, সেটা সামাজিক বিপণন। উদাহরণ দিয়ে তিনি বলেন, মুঠোফোন তৈরিকারক প্রতিষ্ঠান মটোরোলা যদি প্রকৌশলবিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত সহায়তা করে, তাহলে একদিকে শিক্ষার উন্নয়ন হবে, অন্যদিকে পরবর্তী সময়ে তারা সেখান থেকে ভালো প্রকৌশলী পাবে।বক্তব্যের একপর্যায়ে কটলার নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের অন্যতম নায়ক মন্তব্য করে বলেন, তিনি বাংলাদেশের দারিদ্র্য দূর করতে চান। এ দেশ থেকে ভিক্ষাবৃত্তি দূর করতে চান।বিপণনের নৈতিকতা নিয়ে প্রশ্নের জবাবে কটলার বলেন, বিপণন তথা ব্যবসায়ের বড় নৈতিক সমস্যাটি হচ্ছে দুর্নীতি। যেসব কোম্পানি দুর্নীতি করতে ভয় পায় না, সেসব কোম্পানিতে প্রচুর দুর্নীতি হয়।নৈতিকতার প্রসঙ্গে কটলার বিজ্ঞাপনের বিষয়েও কথা বলেন। বিজ্ঞাপনে কতটুকু বলা যাবে, কী বলা যাবে না, সে বিষয়টি ভেবে দেখা দরকার। বিজ্ঞাপনে বলা হলো এই গাড়ি ঘণ্টায় ৫০ কিলোমিটার যায়। কিন্তু কেনার পর দেখা গেল ২০ কিলোমিটার যায়। তাহলে তো মিথ্যা তথ্য দেওয়া হলো। এটা অনৈতিক।ব্রিফিং শেষে বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করে বললেন, ‘বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ। এ দেশের মানুষগুলোও শান্তিপ্রিয়। বাংলাদেশ অন্যতম শান্তির বিপণনকারী (পিস মার্কেটার)।’