ঢাকায় দিনব্যাপী কানাডীয় পণ্যের একক প্রদর্শনী আগামী রোববার অনুষ্ঠিত হবে। রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলাটি যৌথভাবে আয়োজন করেছে ঢাকায় কানাডীয় দূতাবাস এবং কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ক্যানচেম)। বাণিজ্যমন্ত্রী ফারুক খান প্রদর্শনীটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এছাড়া প্রদর্শনী চলাকালীন আয়োজিত ‘কানাডার সঙ্গে ব্যবসা-বাণিজ্য’ শীর্ষক একটি সেমিনারে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দিনব্যাপী এ প্রদর্শনীতে কানাডার ২৩টি প্রতিষ্ঠান অংশ নেবে।প্রদর্শনীর বিস্তারিত জানাতে গতকাল রোববার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঢাকায় কানাডার রাষ্ট্রদূত রবার্ট ম্যাকদুগাল ও ক্যানচেম সভাপতি মাসুদুর রহমান।মাসুদুর রহমান বলেন, বর্তমানে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ১৫০ কোটি ডলার। কানাডার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ছাড়াও পাটজাত পণ্য, সিরামিক প্রভৃতি পণ্যের চাহিদা বাড়ছে। এ ছাড়া কানাডার বিনিয়োগকারীরা বিদ্যুৎ ও জ্বালানি, পুনঃনবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী বলে তিনি জানান। রবার্ট ম্যাকদুগাল বলেন, বিগত কয়েক বছরে কানাডা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ব্যাপকভাবে বেড়েছে। ২০০৪ সালের তুলনায় ২০০৯ সালে বাণিজ্য বেড়ে দ্বিগুণ হয়েছে। ২০০৪ সালে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৬০ কোটি ডলার, যা ২০০৯ সালে বেড়ে দাঁড়িয়েছে ১৪০ কোটি ডলার।ম্যাকদুগাল আরও বলেন, বাংলাদেশে কানাডীয় পণ্যের রপ্তানি কয়েক গুণ বেড়েছে। অন্যদিকে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ কানাডার বাজারে দ্বিতীয় বৃহত্তম পণ্য রপ্তানিকারক দেশ। তবে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে কানাডার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে।এক প্রশ্নের জবাবে রবার্ট ম্যাকদুগাল বলেন, কানাডার উদ্যোক্তারা বাংলাদেশের অবকাঠামো, বিদ্যুৎ, জ্বালানি, পুনঃনবায়নযোগ্য জ্বালানি, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ করতে আগ্রহী। অনুষ্ঠানে জানানো হয়, ২০০৯ সালে বাংলাদেশে কানাডার রপ্তানির পরিমাণ ছিল ৬২ কোটি ৭০ লাখ ডলার, যা ২০০৮ সালে ছিল ২৮ কোটি ৭০ লাখ ডলার। কানাডা বাংলাদেশের বাজারে মূলত গম, ডাল, তৈলবীজ ও অন্যান্য কৃষি খাদ্যপণ্য রপ্তানি করেছে। এ ছাড়া টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে যন্ত্রপাতি, ধাতব পদার্থ ও পাল্প রপ্তানি করে থাকে।