দিনভর ছিল ভুল তথ্য সন্ধ্যায় দ্রুত সংশোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে গতকাল রোববার দিনভর প্রধান সূচক ডিএসইএক্সে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে। সন্ধ্যায় ডিএসইর কর্মকর্তাদের কাছে এই ভুলের বিষয়ে জানতে চাওয়ার পর তাড়াহুড়া করে তা সংশোধন করা হয়। ফলে এ নিয়ে একধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসইএক্স সূচকে গতকাল থেকে ২৩ নতুন কোম্পানি যুক্ত ও পুরোনো চারটি কোম্পানি বাদ দেওয়ার কথা ছিল। কিন্তু দিনভর সেটি হয়নি। সন্ধ্যা সাতটা পর্যন্ত ডিএসইএক্স সূচকের তালিকায় ছিল ২০৭টি কোম্পানি। তাতে অন্তর্ভুক্তির অযোগ্য বিবেচিত হওয়া চারটি কোম্পানিও স্থান পায়। ওই চারটি কোম্পানি ছিল কে অ্যান্ড কিউ, মাইডাস ফিন্যান্স, সিভিও পেট্রোকেমিক্যালস ও রহিমা ফুড। ফলে এই দিন ডিএসইএক্সের বাস্তবচিত্র নিয়ে বাজার সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সংশয় দেখা দেয়।
সন্ধ্যায় ভুল তথ্য পরিবেশন ও সূচক গণনার বিষয়ে জানতে ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), জনসংযোগ কর্মকর্তাসহ একাধিক কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পরে একজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগের পর ডিএসইএক্স সূচকের তালিকাটি তাড়াহুড়া করে সংশোধন করা হয়। এ কারণে ডিএসইর ওয়েবসাইটে কিছু সময় পর পর তালিকাটি সংশোধন হতে দেখা যায়।
প্রসঙ্গত ডিএসইর ভুলে ভরা সাধারণ সূচক নিয়ে নানা সমালোচনার পর সেটি পরিবর্তন করে গত বছর ডিএসইএক্স নামে নতুন সূচক চালু করা হয়। এর আগে ডিএসইর বিরুদ্ধে সূচক গণনায় বড় ধরনের কারসাজির অভিযোগ ছিল।
এদিকে ডিএসইতে গতকাল লেনদেন আবারও ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে। চলতি বছরের মধ্যে এখন পর্যন্ত এটিই ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। এর আগে সর্বশেষ গত বছরের ২২ ডিসেম্বর ঢাকার বাজারে ৭১০ কোটি টাকার সর্বোচ্চ লেনদেন হয়েছিল।
লেনদেনের বৃদ্ধির পাশাপাশি ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। গতকাল লেনদেন শেষে ডিএসইএক্স বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৫৬৫ পয়েন্টে। গত বছরের ২৭ জানুয়ারি নতুন এই সূচকটি চালু হওয়ার পর এটিই সর্বোচ্চ অবস্থান।
বাজার পরিস্থিতি: ঢাকার বাজারে গতকাল ২৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৬৭টিরই দাম বেড়েছে, কমেছে ১১২টির আর অপরিবর্তিত ছিল ১৫টির দাম।
দিনশেষে ডিএসইএক্স বেড়েছে ৪৬ পয়েন্ট। এ দিন লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭০৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৬৪ কোটি টাকা বেশি।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১১৬ পয়েন্ট বেড়ে হয়েছে ১৪ হাজার ১৩৮ পয়েন্টে।
দিনশেষে চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৫ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ছয় কোটি টাকা বেশি।