দিনভর পুঁজিবাজার চাঙা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দুই পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কর্মদিবসে চাঙাভাবের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক বাড়ার পাশাপাশি এই দুটি শেয়ারবাজারে প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দামও বেড়েছে।বাজার বিশ্লেষকেরা বলছেন, সরকারের নেওয়া নানা উদ্যোগ শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব ফেলছে। সরকারের ঘোষণা অনুযায়ী কয়েকটি প্রতিষ্ঠান বাজারে বিনিয়োগ শুরু করেছে। যার কারণে আজ লেনদেনের শুরু থেকেই বাজারে চাঙাভাব ছিল।বাজার বিশ্লেষকেরা আরও জানান, তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানি ইতিমধ্যে লভ্যাংশ ঘোষণা শুরু করেছে। এর প্রভাব বাজারে পড়ায় বাজারে চাঙাভাব দেখা যাচ্ছে। এ দিকে দিনভর চাঙাভাবের বিষয়ে আজ ডিএসই প্রেসিডেন্ট শাকিল রিজভী সাংবাদিকদের বলেন, পুঁজিবাজার নিয়ে সরকারের বেশ কিছু ইতিবাচক সিদ্ধান্তে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরতে শুরু করেছে। এভাবে চলতে থাকলে একপর্যায়ে বিনিয়োগকারীদের মধ্যে পুরোপুরি আস্থা ফিরে আসবে এবং বাজার স্থিতিশীল হবে। তিনি বলেন, দেখে-শুনে ভালো প্রতিষ্ঠানের বিনিয়োগ করলে অবশ্যই লাভবান হওয়া যাবে। মার্চেন্ট ব্যাংকগুলো ফোর্স সেল বন্ধ করার সিদ্ধান্তও বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে বলে তিনি মনে করেন। বাজারে ওঠানামা রয়েছে, তবে আতঙ্কিত হয়ে কোনো শেয়ার বিক্রি না করার এবং অতি মূল্যায়িত শেয়ার না কেনারও পরামর্শ দেন ডিএসইর প্রেসিডেন্ট। এ ছাড়া যত তাড়াতাড়ি সম্ভব ডিএসইকে ডিমিউচুয়ালাইজেশন করা হবে বলে তিনি জানান। এদিকে বাজারে চাঙাভাবের কারণে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম সার্কিট ব্রেকারে পৌঁছানোয় ওই প্রতিষ্ঠানগুলো বিক্রেতাশূন্য হয়ে পড়েছে। ফলে ওই প্রতিষ্ঠানগুলোর লেনদেন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।ডিএসই সূত্রে জানা যায়, আজ চাঙাভাবের মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়, যা সারা দিনই অব্যাহত থাকে। লেনদেনের শুরুতে সূচক ৪০০ পয়েন্টের বেশি বেড়ে যায়। দিন শেষে সাধারণ সূচক ৪৬৩ দশমিক ২৭ পয়েন্ট বা ৭ দশমিক ৮১ শতাংশ বেড়ে ৬৩৮৯ দশমিক ৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। মোট লেনদেন হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৫১টির এবং কমেছে মাত্র আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ ছাড়া স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৫৭৭ কোটি টাকা লেনদেন হয়েছে।আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এনবিএল, ওয়ান ব্যাংক লিমিটেড, লঙ্কা-বাংলা ফাইন্যান্স, প্রাইম ব্যাংক, বেক্সিমকো, তিতাস গ্যাস, পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস, স্কয়ার ফার্মা, সিএমসি কামাল ও আফতাব অটো।আজ সবচেয়ে বেশি বেড়েছে ঢাকা ব্যাংকের শেয়ারের দাম। এ ছাড়া ওয়ান ব্যাংক, প্রাইম ইনস্যুরেন্স, লঙ্কা-বাংলা ফিন্যান্স, অ্যাকটিভ ফাইন, বেক্সটেক্স, মেঘনা পেট্রোলিয়াম, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, কেয়া কসমেটিকস ও নাভানা সিএনজি দাম বৃদ্ধিতে শীর্ষ ১০এর তালিকায় রয়েছে।আজ সবচেয়ে বেশি কমেছে ইউসিবিএলের শেয়ারের দাম। এ ছাড়া অ্যাপেক্স স্পিনিং, প্রথম আইসিবি মিউচুয়াল ফান্ড, পঞ্চম আইসিবি মিউচুয়াল ফান্ড, সিএমসি কামাল, ডেলটা লাইফ ইনস্যুরেন্স দাম কমায় ছয়টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।অপরদিকে, সিএসইতে দিনের লেনদেন শেষে সূচক ১১১০.৩৭ পয়েন্ট বা ৬ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ১৭৮৯৩.৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ মোট ১৯০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৮৪টির ও কমেছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। লেনদেন হয়েছে ৬৮ কোটি ৩৩ লাখ ৩৮ হাজার টাকার।