দিনভর বিজিএমইএতে অবস্থান, অবশেষে সমঝোতা
গত আগস্ট ও চলতি মাসের মজুরি ও ঈদ বোনাসের দাবিতে মিরপুরের আকিক অ্যাপারেলের কয়েক শ শ্রমিক দুই দিন বিক্ষোভ করার পর মালিকপক্ষের সঙ্গে তাঁদের সমঝোতা হয়েছে।
শ্রমিক সংগঠনের নেতা ও বিজিএমইএর হস্তক্ষেপে আজ রোববার মালিকপক্ষ শ্রমিকদের একাংশের দাবি মেনে নেন।
কারখানাটির একাধিক শ্রমিক জানান, গত মাসের মজুরি দিতে মালিকপক্ষ ১০, ১২ ও ১৮ সেপ্টেম্বর সময় দেন। তবে শেষ পর্যন্ত তা না দিলে শ্রমিকেরা আন্দোলনে নামেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করেন। ওই দিনই শ্রমিকেরা সকাল থেকে দুপুর পর্যন্ত কারওয়ান বাজারে তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ কার্যালয়ের সামনে অবস্থান করেন। তবে সেদিন সমস্যার সমাধান না হলে আজ আবার দুপুর থেকে অবস্থান নেন।
পরে বিজিএমইএ উদ্যোগ নিয়ে কারখানার মালিক, বেশ কয়েকজন শ্রমিক ও কয়েকটি শ্রমিক সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক করে। বিজিএমইএ ভবনের নিচতলায় বিকেল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বৈঠক শেষে সমঝোতা হয়। রাত আটটার দিকে সমঝোতা স্মারকে সই করেন তিন পক্ষ।
সমঝোতা অনুযায়ী, কাল সোমবার থেকে কারখানা আবার চলবে। গত মাসের মজুরি দেওয়া হবে ২৫ সেপ্টেম্বরে। আর চলতি মাসের মজুরির ৫০ শতাংশ ও ঈদ বোনাস আর ৩ অক্টোবর পরিশোধ করবেন মালিকপক্ষ। বৈঠকে উপস্থিত শ্রমিকদের পক্ষ থেকে বাকি ৫০ শতাংশ মজুরির ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা ও কোনো শ্রমিক ছাঁটাই না করার দাবি জানালেও মালিকপক্ষ এ নিয়ে কিছু বলেননি।
এ সময় আকিকের চেয়ারম্যান আশীষ কুমার সাহার সঙ্গে কথা বলতে চাইলেও তিনি কৌশলে চলে যান। তার আগে সাংবাদিক পরিচয় দিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ খাজা বিন সলিমের সঙ্গে কথা বলতে চাইলে তিনি সংবাদ না করার অনুরোধ করেন এবং এই প্রতিবেদককে উৎকোচ দেওয়ার চেষ্টা করেন। তাতে ব্যর্থ হয়ে নিজের ছেলের অসুস্থতার কথা বলে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
জানতে চাইলে বিজিএমইএর যুগ্ম সচিব (শ্রমিক) মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আর্থিক সংকটের কারণে সময়মতো মালিকপক্ষ মজুরি দিতে পারেননি।