মূল্যসূচকের ব্যাপক উত্থান-পতন দিয়ে গতকাল বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন সম্পন্ন হয়েছে। লেনদেনের পুরোটা সময় শেয়ারের দামের ওঠানামা সত্ত্বেও দিনশেষে পতনের ধারা অব্যাহত থাকে।ঢাকার বাজারে সূচক কমার পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও। চলতি সপ্তাহের চার কার্যদিবসের মধ্যে তিন দিনই ডিএসইতে দরপতন হয়েছে। অন্যদিকে চট্টগ্রামের বাজারে সাধারণ মূল্যসূচক বেড়েছে।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তা লেনদেন কমার অন্যতম কারণ। বাজারের টানা দরপতনে অনেক বিনিয়োগকারী আস্থার সংকটে ভুগছেন। এ কারণে অনেকে প্রতিদিনের লেনদেনে অংশ নিচ্ছেন না।ডিএসইতে গতকাল লেনদেন শেষে সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ১৬৩ পয়েন্টে। যদিও ঢাকার বাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়েছিল। সেটি ১৫ মিনিটের বেশি স্থায়ী হয়নি। এর পর থেকে লেনদেনের পুরোটা সময় সূচকের ব্যাপক উত্থান-পতন ঘটেছে।বাজার বিশ্লেষকদের মতে, দিনশেষে ব্যাংকিং খাতসহ মৌলভিত্তি কোম্পানিগুলোর বেশির ভাগ শেয়ারের দাম বাড়ায় সূচকের বড় ধরনের পতন ঘটেনি। ব্যাংকিং খাতের পাশাপাশি টেলিকম খাতের একমাত্র কোম্পানি গ্রামীণফোনের শেয়ারের দামও গতকাল কিছুটা বেড়েছে। মৌলভিত্তির এসব কোম্পানি শেয়ারের দাম বাড়লে সূচকের ওপর প্রভাব ফেলে।ডিএসইতে বুধবার হাতবদল হওয়া ২৫০টি কোম্পানির মধ্যে দাম বাড়া-কমা কোম্পানির সংখ্যা ছিল সমান-সমান। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১২১টির দাম কমেছে আর বেড়েছে ১২১টির দাম। দিনশেষে অপরিবর্তিত ছিল আটটি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইতে গতকাল ৪৪৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৫৫ কোটি টাকা কম।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকাল প্রায় ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৫৪ পয়েন্টে। সিএসইতে হাতবদল হওয়া ১৭৭টি কোম্পানির মধ্যে ১০৪টিরই দাম কমেছে, বেড়েছে ৬৭টির। আর অপরিবর্তিত ছিল ছয়টি কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে চট্টগ্রামের বাজারে ৪৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ২৭ কোটি টাকা কম।