দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সূচকের চাঙাভাবের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। পাশাপাশি বেড়েছে সূচকও। তবে সকালে সূচক বাড়ার যে প্রবণতা ছিল সময়ের সঙ্গে তাতে কিছুটা ভাটা পড়ে গেছে। অন্যদিকে লেনদেনের পরিমাণ গত সোমবারের চেয়ে বেড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক গত সোমবারের চেয়ে ৯৯ পয়েন্ট বেড়ে ৫,১৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের বেশ ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটেই সূচক গত সোমবারের চেয়ে ১১৯ পয়েন্ট বেড়ে যায়। আধা ঘণ্টায় বাড়ে ১৪২ পয়েন্ট। কিছুটা কমে দুই ঘণ্টা শেষে সূচক বাড়ার হার দাঁড়ায় ১৩০ পয়েন্ট। আজ সূচক বাড়ার হার সর্বোচ্চ ১৪৫ পয়েন্ট ছিল বেলা ১১টা ৪০ মিনিটে। আজ লেনদেন হওয়া ২৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১৯৪টির দাম, কমেছে ৫২টির আর অপরিবর্তিত আছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৪৯৯ কোটি টাকার লেনদেন হয়েছে।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: যমুনা অয়েল, গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, মেঘনা পেট্রোলিয়াম, লঙ্কাবাংলা ফিন্যান্স, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো, কনফিডেন্স সিমেন্ট এবং জিপিএইচ ইস্পাত।