দিনশেষে সূচক নিম্নমুখী, ১৪০ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা কয়েক দিনের ধারাবাহিকতায় আজ মঙ্গলবারও সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষ হয়েছে। দিনশেষে কমে শতাধিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। বেলা ১১টায় সূচক গতকালের চেয়ে প্রায় ৫৭ পয়েন্ট বেড়ে ৪৪৭৬ পয়েন্টে পৌঁছায়। এরপর সূচক আবার কিছুটা নিচের দিকে নামতে থাকে। সোয়া ১১টার দিকে সূচক ৪৪৪০ পয়েন্টের একটু ওপরে পৌঁছায়। বেলা সাড়ে ১১টায় সূচক গতকালের চেয়ে ৩১ পয়েন্ট বেড়ে ৪৪৪৯ পয়েন্টে পৌঁছায়। আর দুপুর সাড়ে ১২টায় সূচক ৪৪৭৭ পয়েন্টে পৌঁছায়। যা গতকালের চেয়ে ৫৯ পয়েন্ট বেশি। এর পরই সূচক পড়তে থাকে। দিন শেষে সূচক গতকালের চেয়ে ১৪ পয়েন্ট কমে ৪৪০৩ পয়েন্টে নেমে আসে।আজ ২৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে কমে ১৪৮টির, বাড়ে ৯০টির। অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট ১৪০ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়েছে। যা গতকালের চেয়ে ২৩ কোটি টাকা কম।গত রোববার ও গতকাল সোমবার ডিএসইতে সূচক ও ব্যাপক দরপতন ঘটে। গতকাল সূচক আগের দিনের চেয়ে ৮৭ পয়েন্ট কমে ৪৪১৮ পয়েন্টে পৌঁছায়। রোববার সূচক ১১৪ পয়েন্ট কমে ৪৫০৬ পয়েন্টে নেমে আসে।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, লংকাবাংলা ফিন্যান্স, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, জিপিএইচ ইস্পাত লিমিটেড, বেক্সিমকো, স্কয়ার ফার্মা, আফতাব অটো ও তিতাস গ্যাস।