দিনাজপুর চেম্বারে অনিয়ম ও দুর্নীতির তদন্ত চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর চেম্বারের সভাপতি মো. নুরুল মঈন মিনুর বিরুদ্ধে সংগঠনের একজন সাবেক সভাপতি ও ছয়জন সদস্য নির্বাহী সদস্যসহ বেশ কিছু ব্যবসায়ীর উত্থাপিত অভিযোগের তদন্ত চলছে।দেশের ব্যবসায়ী-শিল্পপতি সম্প্রদায়ের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক সামছুল হকের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের একটি কমিটি তদন্তের কাজ করছে। সামছুল হক প্রথম আলোকে জানান, তাঁরা ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ করে এফবিসিসিআইয়ের সভাপতির কাছে প্রতিবেদন জমা দেবেন।দিনাজপুর চেম্বারের সভাপতি মো. নুরুল মঈন মিনুর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে রয়েছে তিনি চরম স্বেচ্ছারিতার মাধ্যমে সংগঠনের কার্যক্রম পরিচালনা, ভুয়া ও জাল আয়কর প্রত্যয়নপত্র, ঠিকানা এবং ট্রেড লাইসেন্স ব্যবহারকারী অব্যবসায়ীদেরও সদস্যপদ দিয়েছেন।দিনাজপুর চেম্বারের ঊর্ধ্বতন সহসভাপতি আবু বক্কর সিদ্দিক জানান, সংগঠনের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বর্তমান নির্বাহী কমিটির ছয়জন সদস্যসহ প্রায় ৫০ জন ব্যবসায়ী গত ২৫ এপ্রিল চেম্বারের বর্তমান সভাপতি মো. নুরুল মঈনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির নানা অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। এতে চেম্বারের বর্তমান সভাপতিকে সরিয়ে একজন রিসিভার নিয়োগের দাবি করা হয়।পরদিন ২৬ এপ্রিল দিনাজপুরের ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল ঢাকায় বাণিজ্যমন্ত্রীর কাছে ১৫৮ জন ব্যবসায়ীর স্বাক্ষরিত একটি স্মারকলিপি পেশ করেন। যেটির কপি এফবিসিসিআই ও জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) দেওয়া হয়। সে অনুযায়ী এফবিসিসিআই উল্লিখিত তদন্ত কমিটি গঠন করে সরেজমিনে কাজ করতে দিনাজপুরে পাঠায়। তদন্ত দলটি উভয় পক্ষের চারজন করে প্রতিনিধির বক্তব্য নেয়। তারা নতুন সদস্যপদ প্রদানের সব দলিলপত্র জব্দ করে ঢাকায় নিয়ে যায়।সম্প্রতি চেম্বার ভবনে তদন্তকালে সংগঠনের বর্তমান সভাপতি মো. নুরুল মঈন মিনু, সহসভাপতি মো. রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য মির্জা আশফাক হোসেন ও শহিদুল ইসলাম এবং অভিযোগকারীদের মধ্যে সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম, ঊর্ধ্বতন সহসভাপতি মোসাদ্দেক হুসেন ও সহসভাপতি মো. আনোয়ারুল ইসলাম, বর্তমান ঊর্ধ্বতন সহসভাপতি আবু বক্কর সিদ্দিকসহ শতাধিক অভিযোগকারী সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।