দিনাজপুর চেম্বারে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার
দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে প্রশাসক নিয়োগ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজিজুল ইসলামকে চেম্বারের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।জানা গেছে, গত বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব নাজমুল আহসান মজুমদার স্বাক্ষরিত প্রশাসক নিয়োগের আদেশটি ফ্যাক্স বার্তার মাধ্যমে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় পাঠানো হয়।বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের স্বার্থে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বাণিজ্য সংগঠন অধ্যাদেশ ১৯৬১-এর ১০ ধারা মোতাবেক এই নিয়োগ দেওয়া হয়েছে।নির্বাচন অনুষ্ঠানে আদালতের কোনো নিষেধাজ্ঞা না থাকলে প্রশাসক নিয়োগ পাওয়ার ১২০ দিনের মধ্যে দিনাজপুর চেম্বারের নির্বাচন সম্পন্ন করতে হবে। সদ্য নিয়োগ পাওয়া প্রশাসক চেম্বারের নিয়মিত কার্যক্রম সম্পাদন করবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।এদিকে যোগাযোগ করা হলে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজিজুল ইসলাম প্রথম আলোকে জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলেই তিনি চেম্বারের প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন।