দিনাজপুর চেম্বারে প্রশাসক নিয়োগের নির্দেশনা আসেনি
দিনাজপুর চেম্বারে প্রশাসক নিয়োগের ব্যাপারে ব্যবসায়ীরা দাবি জানালেও এখনো এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয় বা বাণিজ্য মন্ত্রণালয় থেকে কোনো দিকনির্দেশনা আসেনি। জেলা প্রশাসক মো. জামাল উদ্দিন আহমেদ প্রথম আলোকে এ তথ্য জানান।চেম্বারের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলামের নেতৃত্বে ব্যবসায়ীরা ১৮ এপ্রিল বর্তমান সভাপতি নূরুল মঈন মিনুর অপসারণ এবং আসন্ন নির্বাচনের আগেই এতে একজন প্রশাসক নিয়োগের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে চেম্বারের সভাপতি নূরুল মঈনের বিরুদ্ধে সংগঠন পরিচালনায় স্বেচ্ছাচারিতাসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ করা হয়। গতকাল সোমবার দিনাজপুরের বিভিন্ন পর্যায়ের শিল্পপতি ও ব্যবসায়ী নেতারা প্রথম আলোর কাছে অভিযোগ করেন, বর্তমান সভাপতি স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বিভাজন সৃষ্টি করে এই সংগঠনের গত ৫০ বছরের ইতিহাস কলঙ্কিত করেছেন। সে জন্য তাঁকে সভাপতি পদে রেখে দিনাজপুর চেম্বারের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে পারে না।দিনাজপুর চেম্বারের বর্তমান সভাপতি নূরুল মঈন মিনুর বিরুদ্ধে যাঁরা অভিযোগ করেছেন তাঁরা হলেন—চেম্বারের ঊর্ধ্বতন সহসভাপতি আবু বকর সিদ্দিক, কার্যনির্বাহী সদস্য লুৎফর রহমান, মানবেন্দ্র কুমার দাস, দিনাজপুর ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম, শিল্পপতি আবুল হোসেন পাটোয়ারী ও এম এ কুদ্দুছ। এদিকে, দিনাজপুর চেম্বারের সভাপতি নূরুল মঈন মিনু গতকাল সোমবার প্রথম অলোকে বলেন, যাঁরা এত দিন ক্ষমতায় থেকে চেম্বারকে অনিয়মের রাজ্যে পরিণত করেছেন, তাঁরাই আজ বড় বড় কথা বলছেন। তিনি জানান, এক হাজার ১৫৮ জন নতুন সদস্য আবেদন করেছেন। তাঁদের প্রত্যেকের কাছ থেকে সদস্য ফি ও আয়কর প্রত্যয়নপত্র নেওয়া হয়েছে। নতুন সদস্যদের নামের তালিকা যথাসময়ে কার্যকরী কমিটির সভায় তোলা হবে।