দিনাজপুর চেম্বারে প্রশাসক নিয়োগের সুপারিশ
দিনাজপুর চেম্বারের নির্বাচনী বোর্ডের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা বাতিল ঘোষণা করেছে এফবিসিসিআইয়ের সালিসি বোর্ড। একই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নতুন করে ভোটার তালিকা প্রণয়ন চেম্বারের নির্বাচন অনুষ্ঠানের জন্য আদেশ দিয়েছে। গত শনিবার বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সালিসি বোর্ড এ আদেশ দিয়েছে বলে দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে। একই সঙ্গে সালিসি বোর্ড ভূমি প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) থাকা অবস্থায় মির্জা আশফাক হোসেনের চেম্বারের সাধারণ সদস্যপদ ও নির্বাহী কমিটিতে থাকাকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করেছে।জানা গেছে, এফবিসিসিআই সালিসি বোর্ড তাদের আদেশে দিনাজপুর চেম্বারের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা বাতিল করেছে। একই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নতুন ও স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন করে ২০১১-১৩ মেয়াদের নির্বাচন সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া বর্তমান নির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় প্রশাসক নিয়োগের মাধ্যমে দিনাজপুর চেম্বারের নির্বাচন অনুষ্ঠানের সুপারিশ করা হয়েছে। এফবিসিসিআইয়ের সালিসি বোর্ডের দেওয়া আদেশের প্রতিক্রিয়ায় দিনাজপুর চেম্বারের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, দিনাজপুর চেম্বারের ইতিহাসে এটি মাইলফলক হয়ে থাকবে। এর মাধ্যমে দিনাজপুর চেম্বারের বর্তমান সভাপতিসহ স্বেচ্ছাচারী গ্রুপের হাত থেকে সাধারণ ব্যবসায়ীরা মুক্তি পাবেন। ভবিষ্যতে কেউ এ ধরনের স্বেচ্ছাচারী হতে সাহস পাবে না।দিনাজপুর চেম্বারের সিনিয়র সহসভাপতি আবু বক্কর সিদ্দিক জানান, ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ জুলাই চেম্বারের নির্বাচন হওয়ার কথা। কিন্তু চেম্বারের বর্তমান সভাপতি নুরুল মঈন মিনুর নেতৃত্বে বর্তমান নির্বাহী কমিটির একটি অংশ পুনরায় ক্ষমতায় আসার কৌশল হিসেবে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অসংখ্য ভুয়া ভোটার তৈরি করে। গত নির্বাচনে যেখানে ভোটারসংখ্যা ছিল এক হাজার ৩১৯ জন, সেখানে ২০১১ সালে ভোটারসংখ্যা দুই হাজার ১৬৯।