দিনাজপুর চেম্বারের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত
দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কার্যনির্বাহী পর্ষদের ২০১১-১৩ সাল মেয়াদের নির্বাচন তিন মাস স্থগিত করেছেন উচ্চ আদালত। চেম্বারের সভাপতি নূরুল মঈন মিনুর দায়ের করা একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি এ এইচ এস শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ সম্প্রতি সংগঠনটির নির্বাচনের ওপর তিন মাসের স্থগিতাদেশ দেন।জানা গেছে, নির্বাচন সামনে রেখে দিনাজপুর চেম্বারের সভাপতিসহ কার্যনির্বাহী পর্ষদের একটি অংশ অসংখ্য ভুয়া ভোটার করে। সেজন্য চেম্বারের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলামসহ নির্বাহী পর্ষদের আরেকটি অংশ ভোটার তালিকা সংশোধনের জন্য নির্বাচনী আপিল বোর্ডে আবেদন করে। কিন্তু বোর্ড তা খারিজ করে দেয়।এই অবস্থায় অভিযোগকারীরা চেম্বারে প্রশাসক নিয়োগের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে দাবি জানান। একই সঙ্গে তাঁরা এফবিসিসিআইয়ের হস্তক্ষেপ কামনা করেন। সে অনুযায়ী এফবিসিসিআইয়ের চার সদস্যের একটি প্রতিনিধিদল দিনাজপুর এসে চেম্বারের বর্তমান সভাপতিসহ একটি অংশের বিরুদ্ধে ভুয়া ভোটার করাসহ অনিয়ম-দুর্নীতিসংক্রান্ত কিছু অভিযোগের সত্যতা খুঁজে পায়। তাই প্রতিনিধিদলটি দিনাজপুর চেম্বারে প্রশাসক নিয়োগ দিয়ে নতুন ভোটার তালিকা তৈরি করে নির্বাচন অনুষ্ঠানের সুপারিশ করে।কিন্তু তা না মেনে চেম্বারের বর্তমান সভাপতি নূরুল মঈন মিনু নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেন। সে জন্য সাবেক সভাপতিসহ সাধারণ ব্যবসায়ীরা আপিল বোর্ডের কাছে পুনরায় ভোটার তালিকা সংশোধন ও অনিয়ম-দুর্নীতির প্রতিকার দাবি করলে চেম্বারের আপিল বোর্ড তা বাতিল করে দেয়। এরপর ব্যবসায়ীরা এফবিসিসিআইয়ের আরবিট্রেশন বোর্ডের শরণাপন্ন হলে বোর্ড উভয় পক্ষের বক্তব্য শুনে গত ২৩ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে একজন প্রশাসক নিয়োগ দিয়ে নতুন ভোটার তালিকা করে নির্বাচন অনুষ্ঠানের আদেশ দেয়। অপরদিকে অনিয়ম-দুর্নীতির অভিযোগে বাণিজ্য মন্ত্রণালয়ও ৫ জুলাই চেম্বারের সভাপতিকে শোকজ করে।এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশের বিরুদ্ধে গত ২৪ জুলাই উচ্চতর আদালতে রিট করেন চেম্বারের সভাপতি নূরুল মঈন মিনু। এই রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত দিনাজপুর চেম্বারের নির্বাচনের ওপর তিন মাসের স্থগিতাদেশ দেন। একই সঙ্গে আদালত বাণিজ্যসচিবকে জবাব দাখিলের নির্দেশ দেন। ১৪ আগস্ট মামলার শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।