দিনাজপুরে এবার ৩৭১ কোটি টাকার লিচু উৎপাদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে এ বছর ৩৭১ কোটি টাকা মূল্যের লিচু উৎপাদন হয়েছে। আর এ লিচু উৎপাদন ও বিপণনে ব্যয়ের অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় ৭৮ কোটি ৫৪ লাখ টাকা।দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও দিনাজপুর হর্টিকালচার সেন্টার হিসাব কষে এ তথ্য দেখিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আনোয়ারুল আলম জানান, এ জেলার ১৩ উপজেলায় প্রায় দেড় হাজার হেক্টর জমিতে লিচুবাগান রয়েছে। এর মধ্যে বিরল উপজেলায় সর্বোচ্চ প্রায় ৬০০ হেক্টর জমিতে লিচুবাগান আছে। এ ছাড়া জেলার সদর, খানসামা, চিরিরবন্দর, বীরগঞ্জ ও বোচাগঞ্জ উপজেলায় লিচুবাগান আছে। হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কে এম মওদুদুল ইসলাম প্রথম আলোকে জানান, দিনাজপুরের লিচুবাগানগুলোতে প্রতি শতক জমিতে গড়ে একটি ও প্রতি একরে ১০০টি করে লিচুগাছ আছে। সেই হিসাবে প্রতি হেক্টরে ২৪৭টি করে এবং দেড় হাজার হেক্টরে (যা তিন হাজার ৭০৫ একরের সমান) প্রায় তিন লাখ ৭০ হাজার ৫০০টি লিচুগাছ আছে। গড়ে প্রতিটি গাছে পাঁচ হাজার করে ধরলে তিন লাখ ৭০ হাজার ৫০০ গাছে এবার লিচু উৎপাদিত হয়েছে ১৮৫ কোটি ৫০ লাখ। জাতভেদে লিচুর দাম কমবেশি হওয়ায় (প্রতি ১০০ বেদানা লিচু ৬০০ টাকা, চায়না-থ্রি ৭০০ টাকা, মাদ্রাজি ও বোম্বাই জাত ২০০ টাকা) গড় মূল্য দুই টাকা করে হিসাব করলেও ১৮৫ কোটি ৫০ লাখ লিচুর দাম হবে প্রায় ৩৭১ কোটি টাকা।চাষি ও ব্যবসায়ীরা জানান, সার, নিড়ানি, সেচ, কীট ও বালাইনাশক সেপ্রসহ এক একর লিচুবাগান পরিচর্যায় গড়ে খরচ হয় ২০ হাজার টাকা। আর দুজন পাহারাদার শ্রমিককে দিতে হয় ১২ হাজার টাকা। এই হিসাবে দেড় হাজার হেক্টর বা তিন হাজার ৭০৫ একর লিচুবাগানের পরিচর্যায় ও পাহারায় ব্যয় হয় ১১ কোটি ৮৫ লাখ টাকা। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রমতে, স্থানীয় চাহিদা মেটাতে প্রায় ১০ কোটি লিচু লাগে। আর ১৭৫ কোটি ৫০ লাখ লিচু দেশের বিভিন্ন জেলায় চলে যায়, যা পরিবহনে ৩৫ লাখ ১০ হাজারটি খাঁচা (প্রতিটিতে ৫০০ লিচু হিসাবে) দরকার। প্রতিটি খাঁচার গড়মূল্য ৪০ টাকা। এতে ব্যয় হয় ১৪ কোটি চার লাখ টাকা। আর ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় ৩৫ লাখ ১০ হাজার খাঁচা পরিবহনে গড়ে ১৫০ টাকা হারে ধরলে মোট ব্যয় দাঁড়ায় ৫২ কোটি ৬৫ লাখ টাকা। সব মিলিয়ে দিনাজপুরে লিচু উৎপাদন ও বিপণনে মোট ব্যয় দাঁড়াবে ৭৮ কোটি ৫৪ লাখ টাকা।প্রসঙ্গত, দিনাজপুরের লিচুবাগানগুলোর ৪০ শতাংশ বোম্বাই, ৩০ শতাংশ মাদ্রাজি, দুই থেকে তিন শতাংশ বেদানা এবং বাকি ২৭ ভাগ চায়না থ্রি, কাঁঠালিসহ অন্যান্য জাতের।