দিনাজপুরে এসএমই পণ্য মেলার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা। আজ রোববার দিনাজপুর জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ও এসএমই ফাউন্ডেশনের আয়োজনে এই মেলায় ৫০টি পণ্যের স্টল স্থান পেয়েছে।

বেলা ১১টায় জেলা প্রশাসক মীর খায়রুল আলম মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম রাব্বী, এসএমই ফাউন্ডেশনের এজিএম আবু মঞ্জুর সাইফ ও আবদুস সালাম, দিনাজপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী প্রমুখ।

মীর খায়রুল আলম বলেন, যেকোনো ধরনের প্রগতিশীল উদ্যোগকে সহযোগিতা করতে সরকার ও জেলা প্রশাসন কাজ করবে। বেকার সমস্যা দূরীকরণে এ মেলা বড় ভূমিকা রাখবে। ক্ষুদ্র বাজারে উৎপাদিত পণ্য বিশ্ববাজারে নিয়ে যেতে তিনি বেসরকারি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।

এর আগে সকাল ১০টায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। পুলিশ সুপার মো. হামিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম রাব্বী, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান, এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেন।