দিনাজপুরে জমে উঠেছে নিম্নবিত্তের ঈদের বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শহরের স্টেশন রোড ও জেল রোডসহ বিভিন্ন সড়কের ফুটপাত এবং বড় ময়দানসংলগ্ন শহীদ মিনারকে কেন্দ্র করে গড়ে ওঠা হকার্স মার্কেটে নিম্ন আয়ের মানুষজনের ঈদের কেনাকাটা বেশ জমে উঠেছে।সরেজমিনে দেখা গেছে, এসব জায়গায় ছোট ছোট দোকানিরা শিশুদের টপস্ স্কার্ট, ফ্রক, গেঞ্জি সেট, পায়জামা-পাঞ্জাবি, জামা, মেয়েদের থ্রি-পিস, টু-পিস, কামিজ, শাড়ি, ব্লাউজ, পুরুষদের পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, গেঞ্জি, লুঙ্গি, টুপি, স্যান্ডেল ও জুতার পসরা সাজিয়ে বসেছেন। ঢাকার বঙ্গবাজার, গুলিস্তান, বাবু বাজার, সদরঘাট, কালীগঞ্জ, জিঞ্জিরা ও নারায়ণগঞ্জ থেকে আসা এসব পণ্য স্বল্প আয়ের মানুষজন যথেষ্ট আগ্রহ সহকারে কিনছেন বলে জানান বিক্রেতারা।হকার্স মার্কেটে দিনাজপুর সদর উপজেলার পাঁচকুড় গ্রামের কৃষক মো. সাইফুল ইসলাম জানান, ‘এই মার্কেটত যেই কাপড় ১০০ টাকায় কিনা যায়, বড় বড় মার্কেটেত ওইলার দাম ৩০০ টাকা। তার ওপর ওই দোকানদাররা হামাক কাপড় দেখাবার চাহে না।’একই উপজেলার বেকাহার গ্রামের গৃহবধূ শারমিন আকতার হকার্স মার্কেটে পরিবারের সবার জন্য কাপড় কিনতে আসার কারণ সম্পর্কে বলেন, ‘ভাই যেমন আয়, তেমন ব্যয়। বড় দোকানত যাবা চাহিলে বড় টাকা লাগিবে।’ প্রায় একই সুরে ভ্যানচালক লাল মিঞাও জানান, তাঁদের মতো রিকশা ও ভ্যানচালক বা ঠেলাওয়ালাদের পরিবারের ঈদের কেনাকাটার জন্য ফুটপাত ও হকার্স মার্কেটই ভালো। দিনাজপুরের হকার্স মার্কেট ও ফুটপাতগুলোতে বাচ্চাদের গেঞ্জি সেট ৫০-১০০ টাকা, শার্ট ১০০-২০০ টাকা ও ফ্রক সেট ১০০-৩০০ টাকা, ছেলেদের শার্ট ১৫০-৩০০ টাকা, গ্যাবার্ডিন ফুলপ্যান্ট ২০০-৩০০ টাকা, জিন্স প্যান্ট ২০০-৫০০ টাকা, মেয়েদের ফ্রক, জামা, স্কার্ট ও পায়জামা ৩০০-৫০০ টাকায় বিক্রি হচ্ছে।বাচ্চাদের প্রতি জোড়া জুতা রকমভেদে ৫০-১৫০ টাকা, মহিলাদের জুতা-স্যান্ডেল ১৫০-২০০ টাকা এবং পুরুষদের স্যান্ডেল-জুতা ১৫০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে।