দিনাজপুরে দাম বেড়েছে তেল, সবজি ও মাছের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাস শুরু হতেই দিনাজপুরের বাজারে সব ধরনের সবজি, ভোজ্যতেল, মাছ ও দেশি মুরগির দাম বেড়েছে। শহরের বিভিন্ন বাজার ঘুরে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।দিনাজপুর শহরের সবচেয়ে বড় বাজার বাহাদুর বাজার। গতকাল মঙ্গলবার সকালে এই বাজারের কাঁচাবাজারে গিয়ে দেখা গেছে, রোজার আগে ৪০ টাকা কেজি দরের কাঁচা মরিচ বর্তমানে ৮০ টাকায়, ১৬ টাকা কেজির বেগুন ২৫ টাকা, ২০ টাকা কেজি দরের করলা ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।বিক্রেতা আবু তালেব জানান, দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছিল ২৫ টাকায়, যা এখন ৩০ টাকা। আর ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ ১৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, যা এখন ২২ টাকা। ২০ টাকা কেজি দরের শসা বিক্রি হচ্ছে ৪০ টাকা। ছয় টাকা হালি দরে বিক্রি হওয়া লেবু বিক্রি হচ্ছে ১৬ টাকায়।মুদি দোকান মালিক আবদুস সামাদ জানান, রোজা শুরুর মাত্র দুই দিন আগে প্রতি কেজি সয়াবিন তেল বিক্রি হয়েছে ১৩০ টাকা। বর্তমানে তা বিক্রি হচ্ছে ১৩৫ টাকা দরে। রোজার আগে প্রতি কেজি দেশি আলু ১৬ টাকায় বিক্রি হলেও এখন তা ২২ টাকা।এখন প্রতি কেজি দেশি মুরগির দাম ২৭০ টাকায় বিক্রি হচ্ছে, যা কয়েক দিন আগে ছিল ২৫০ টাকা। তবে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ১৬০ থেকে কমে ১৩৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে।মুরগি বিক্রেতা লোকমান জানান, আমদানি বাড়ায় ব্রয়লার মুরগির দাম কমেছে।মাছের বাজারও একটু চড়া। রোজার আগে এক কেজি ওজনের যে রুই মাছ ২০০ টাকায় বিক্রি হয়েছে, তা এখন ২৫০ টাকা। ৪০০ টাকা কেজি দরের বোয়াল ও আইড় বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। এ ছাড়া ৩৫০ টাকা কেজির শৌল ৪৫০ টাকা এবং ৪০০ টাকা কেজি দরের চিংড়ি ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে।