দিনাজপুরে শুরু মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা
দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে।মেলাটির আয়োজন করেছে দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এতে দেশের বিভিন্ন জেলার বাঁশ-বেত, চারু ও কারুপণ্য, রকমারি আচার, তৈরি পোশাকসহ নানা ধরনের দেশীয় শিল্পপণ্যের মোট ১২০টি স্টল রয়েছে। সেই সঙ্গে শিশুদের আনন্দ দিতে মেলায় বিভিন্ন রকমের রাইড নিয়ে আছে আলাদা একটি প্যাভিলিয়ন।মেলা প্রতিদিন বিকেল চারটা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। তবে এতে পুতুলনাচ, যাত্রা, সার্কাস ও হাউজির আয়োজন থাকছে না বলে আয়োজকেরা জানান।দিনাজপুর সদর আসনের সাংসদ ইকবালুর রহিম প্রধান অতিথি হিসেবে গত রোববার মেলাটির উদ্বোধন করেন। দিনাজপুর চেম্বারের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী ও পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য। এ ছাড়া চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মো. মোসাদ্দেক হোসেন, সহসভাপতি মো. আনোয়ারুল ইসলাম ও মেলা কমিটির আহ্বায়ক সারোয়ার আশফাক আহমেদ বক্তব্য দেন।ইকবালুর রহিম দিনাজপুরে শিল্প ও বাণিজ্যের উন্নয়নে স্থানীয় চেম্বারের যেকোনো উদ্যোগে সহযোগিতার প্রতিশ্রুতি দেন; সেই সঙ্গে তিনি দিনাজপুরের ঐতিহ্যবাহী চালকলসহ মৌসুমি ফল আম, লিচু ও টমেটোর প্রাচুর্য কাজে লাগিয়ে কৃষিভিত্তিক শিল্প স্থাপনের উদ্যোগ নিতে স্থানীয় উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।