দিনাজপুরে সরকারি বোরো ধান ও চাল সংগ্রহ শুরু
দিনাজপুরে সরকারি উদ্যোগে বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। দিনাজপুর সদর আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম গতকাল বৃহস্পতিবার শহরের পুলহাট এলএসডি খাদ্যগুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
জেলা খাদ্যনিয়ন্ত্রক আব্দুল কাদির প্রথম আলোকে বলেন, চলতি বোরো মৌসুমে সরকার দিনাজপুরের চালকল মালিকদের কাছ থেকে ১ লাখ ৬ হাজার ৭৮২ টন চাল এবং কৃষকদের কাছ থেকে সরাসরি ৩ হাজার ৫৬১ টন ধান কেনার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। বর্তমানে জেলার সব খাদ্যগুদামে যে চাল মজুত আছে, তা প্রতিদিন বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। বোরো চাল কিনে খালি হওয়া জায়গা পূরণ করা হবে বলে তিনি জানান।
সাংসদ ইকবালুর রহিম বলেন, ১৬ লাখ টন খাদ্যঘাটতি নিয়ে এ সরকার দায়িত্ব নিয়েছিল। কিন্তু দেশে এখন ১৮ লাখ টন খাদ্য মজুত আছে। গত সাত বছরে সরকার বিদ্যুৎ, ডিজেলের সরবরাহ স্বাভাবিক রেখেছে। কৃষিতে ভর্তুকি দেওয়াসহ কৃষকদের প্রণোদনা দিয়ে উৎসাহিত করেছে। খাদ্যঘাটতির দেশ বাংলাদেশ এখন খাদ্য রপ্তানি করছে। রপ্তানির সিংহভাগ চাল দিনাজপুরের খাদ্যগুদাম থেকে সরবরাহ করা হয়েছে।