দিনাজপুরে ‘কৃষক কার্ড’ চালু করেছে ব্র্যাক ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক ব্যাংক লিমিটেড দিনাজপুরে ‘কৃষক কার্ড’ চালু করেছে। এই কার্ডের সাহায্যে কৃষকেরা বীজ, সেচের তেল, সার, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ক্রয় ও প্রয়োজন অনুযায়ী নগদ টাকাও উত্তোলন করতে পারবেন। কার্ডটির মাধ্যমে কৃষকেরা কম সুদে ঋণসুবিধা নিতে পারবেন বলে জানিয়েছেন ব্যাংকের কর্মকর্তারা। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২০০ জন কৃষকের মধ্যে ব্র্যাক ব্যাংক এই কার্ড বিতরণ করে। এ উপলক্ষে বীরগঞ্জ ডিগ্রি কলেজে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ শামীম আল রাজী, দিনাজপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ, বেসটেক ইনভেস্টমেন্টের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ ও বেসটেক এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন। ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, সাধারণত বীজ রোপণের সময় কৃষকেরা নগদ টাকার সংকটে থাকেন, আর শস্য ঘরে তোলার পর হাতে নগদ টাকা পান। সে জন্য কৃষক কার্ডে এমন ব্যবস্থা রাখা হয়েছে যে, বীজ রোপণের মৌসুমে কৃষকেরা ব্র্যাক ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন এবং ঘরে ফসল তোলার পর টাকা পরিশোধ করতে পারবেন।বক্তারা বলেন, কৃষকেরা মহাজনদের কঠিন শর্তের ঋণের নির্ভরতা কাটিয়ে সহজ শর্তে ব্র্যাক ব্যাংকের অর্থায়ন সুবিধা পাবেন, যা তাঁদের আর্থিক স্বাধীনতা এনে দেবে।