দিনাজপুর থেকে সাড়ে নয় হাজার মেট্রিক টন চাল শ্রীলঙ্কায় পাঠানো হয়েছে। আরও দুই হাজার মেট্রিক টন পাঠানোর অপেক্ষায় আছে বলে দিনাজপুর খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে। জেলা খাদ্যনিয়ন্ত্রক মো. আবদুল কাদির জানান, বাংলাদেশ প্রথমবারের মতো শ্রীলঙ্কায় মোট ৫০ হাজার মেট্রিক টন চাল রপ্তানির যে উদ্যোগ নিয়েছে, তারই অংশ হিসেবে দিনাজপুর থেকে পাঠানো হচ্ছে ১১ হাজার ৫০০ মেট্রিক টন। জেলার কেন্দ্রীয় খাদ্যগুদাম (সিএসডি) ও বিভিন্ন উপজেলার খাদ্যগুদাম (এলএসডি) থেকে উন্নতমানের চাল বাছাই করে পাঠানো হচ্ছে। চট্টগ্রাম বন্দর দিয়ে এসব চাল শ্রীলঙ্কায় পাঠানো হচ্ছে। দিনাজপুর জেলা চালকল মালিক গ্রুপের সহসভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম প্রথম আলোকে বলেন, মোট চাল রপ্তানির দশ ভাগের এক ভাগ হচ্ছে দিনাজপুর থেকে। এতে প্রমাণ হলো, দিনাজপুরের চালকল মালিকেরা মানসম্মত চাল সরকারি খাদ্যগুদামে সরবরাহ করেছেন।
দিনাজপুর অফিস