দিনে দিনে ব্যবসার খরচ শুধুই বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজেট বিষয়ে ব্যবসায়ী সমাজের প্রতিক্রিয়া জানাতে গতকাল রাজধানীর একটি হোটেলে মেট্রোপলিটন চেম্বার আয়োজিত অনুষ্ঠানে (বাঁ থেকে তৃতীয়) অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নানসহ অন্যরা l ছবি: প্রথম আলো
বাজেট বিষয়ে ব্যবসায়ী সমাজের প্রতিক্রিয়া জানাতে গতকাল রাজধানীর একটি হোটেলে মেট্রোপলিটন চেম্বার আয়োজিত অনুষ্ঠানে (বাঁ থেকে তৃতীয়) অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নানসহ অন্যরা l ছবি: প্রথম আলো

২০১৭-১৮ অর্থবছরের ঘোষিত বাজেট নিয়ে নানা প্রতিক্রিয়া দেখিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। তাঁরা বলেছেন, বেসরকারি বিনিয়োগ বাড়ার সুস্পষ্ট নির্দেশনা নেই। কর্মসংস্থান সৃষ্টির কোনো উদ্যোগ নেই। ব্যবসা সহজ করা নিয়েও উদ্যোগ নেই।
ব্যবসায়ীদের প্রভাবশালী সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত ‘বাজেট ২০১৭-১৮: ব্যবসায়ী সমাজের প্রতিক্রিয়া’ অনুষ্ঠানে এসব মতামত উঠে আসে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান বলেন, বাজেটে দারিদ্র্য বিমোচন ও সমতা আনাকে প্রাধান্য দেওয়া হয়। গ্রাম ও শহরে পার্থক্য যেন কমে আসে, এ জন্য বিভিন্ন উদ্যোগ থাকে। হয়তো সবার আশার সঙ্গে মেলে না, এ জন্য বিভিন্ন কথা হয়।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপকে উদ্ধৃত করে এমসিসিআইয়ের সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, নতুন চাকরিক্ষেত্র তৈরি কমে গেছে। ফলে বেকারের সংখ্যা বেড়ে হয়েছে ২৬ লাখ। ঘোষিত বাজেটে এ বিষয়ে কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা নেই। তিনি আরও বলেন, ‘আমরা চেয়েছিলাম, ব্যবসায় খরচ কীভাবে কমবে তার একটা নির্দেশনা থাকবে। ব্যবসায় সহজ করার একটা নির্দেশনাও আসবে। ব্যবসার পরিবেশ উন্নতিরও কোনো ঘোষণা নেই। আমাদের থেকে বিভিন্ন পরামর্শ নেওয়া হয়। তবে বাজেটে তার কোনো প্রতিফলন দেখা যায় না। দিনে দিনে ব্যবসার খরচ শুধুই বাড়ছে।’
এমসিসিআই সভাপতি নিহাদ কবির বলেন, ‘হার একই থাকায় নিম্ন ও মধ্যবিত্তদের বেশি কর দিতে হবে। কিছু আমদানি পণ্যের ওপর সম্পূরক শুল্ক বসানো হয়েছে, এতে আমরা উদ্বিগ্ন। বিশেষ করে সফটওয়্যার পণ্যে।’ তিনি বলেন, ঘোষিত বাজেটে আর্থিক খাত সংস্কার নিয়েও কোনো উদ্যোগ নেই।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘এমসিসিআই বলছে, সরকার পরামর্শ শোনে কিন্তু বাস্তবায়ন করে না। আমি দুঃখিত, বিষয়টা ঠিক না। বেকার সমস্যাটা শুধু বাংলাদেশের না, সারা বিশ্বেই এটা এখন সমস্যা। কাজেই কাউকে দোষারোপ, সমালোচনা না করে সবাই মিলে কীভাবে সমাধান করা যায়, তার রাস্তা খুঁজতে হবে। বেকার সমস্যাটা আসলেই বড় একটা সমস্যা। এ জন্য সরকার অনেকাংশে দায়ী। তবে আমরাও কিছুটা দায়ী।’
মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘ব্যবসায় খরচের দিক দিয়ে আমরা খুব খারাপ অবস্থানে আছি। দুঃখের বিষয়, বাজেটে এ ব্যাপারে কোনো আলোচনা নেই। সরকারকে অনুরোধ করব বিশেষ নজর দেওয়ার।’
মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, এ দেশে একটা কথা চালু হয়েছে মোবাইল ব্যাংকিং। এটা সর্বৈব মিথ্যা। বড়জোর এটা মোবাইলে অর্থ স্থানান্তর সুবিধা। এর মাধ্যমে ১০০ টাকা পাঠাতে ২ টাকা লাগে। মোবাইল ব্যাংকিংয়ের নামে অনাচার হচ্ছে। এর মাধ্যমে অর্থও পাচার হয়েছে। এটা হওয়ার কারণ, নিয়ন্ত্রণব্যবস্থার আগেই সেবা চলে আসছে। এসব বিষয়ে এমসিসিআই কাজ করতে পারে, সবার উপকারে আসবে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থার জ্যেষ্ঠ রিসার্চ ফেলো নাজনীন আহমেদ বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বন্ডের মাধ্যমে ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যবসা করছে। কিন্তু সাধারণ জনতা কম দামে তেল পাচ্ছে না। এটা ঠিক না। কম দামে তেল দিলে কৃষি খাত উপকৃত হতো।
পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ‘এবারের বাজেটের প্রেক্ষাপট আগের মতো না। কিছু কালো মেঘ দেখা যাচ্ছে, এটা ঘনীভূত হওয়ার আগে দূর করতে হবে। এ কালো মেঘ সামগ্রিক অর্থনীতিতে আচ্ছন্ন করতে পারে। রপ্তানি ও প্রবাসী আয়ের অবস্থা ভালো না। আগামী বছর এ দুটো খাত একই থাকলে অর্থনীতিতে বিপর্যয় আসবে। এটা কাটিয়ে ওঠা যাবে না। বিশ্ব অর্থনীতির অবস্থা দুর্বল। রপ্তানিতে বাংলাদেশ কিন্তু ধীরে ধীরে বৈশ্বিক বাজার হারাচ্ছে। আমাদের শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে। রপ্তানি যেভাবেই হোক ঠিক করতে হবে।’
আহসান মনসুর আরও বলেন, কিছু স্বার্থান্বেষী মহলের চাপে বিদেশি সিগারেট কোম্পানির ওপর বেশি কর আরোপ করা হয়েছে। এটা নৈতিকভাবে ঠিক না। কেন ইংরেজি মাধ্যমের শিক্ষা ওপর কর দেওয়া হলো, দেশের উন্নয়নে কি তাদের প্রয়োজন নেই?
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘বেসরকারি খাত ছাড়া দেশকে এগিয়ে নেওয়া যাবে। এমন উদ্যোগ তো নেওয়া হয়েছিল, সফল হয়নি। আমাদের সঙ্গে কোনো আলোচনা করলে কেন বাস্তবায়ন করা হচ্ছে না।’
সাবেক বাণিজ্যসচিব সোহেল আহমেদ চৌধুরী বলেন, ভারতের ভ্যাটের ৪ স্তর হলে বাংলাদেশে ২ স্তর হতে সমস্যা কী?
এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, কোনো করপোরেট কর না নিয়ে বিনিয়োগ বাড়াতে পারলে ভালো। এ সময় নাসিম মঞ্জুর বলেন, ‘আমরা করপোরেট কর দিতে চাই, এটা আপনার নিজস্ব মন্তব্য।’
এসিআই লিমিটেডের চেয়ারম্যান আনিস উদ দৌলা বলেন, সরকারি খাতে কেন এত ব্যাংক থাকবে? আবার এসব ব্যাংক চালাতে জনগণের টাকা যাবে। বছর বছর ধরে সরকার লোকসান করে কলকারখানা চালাচ্ছে। সরকার কেন ব্যবসা করবে? পৃথিবীর কোনো দেশে এমনটা হয় না।
সাবেক সাংসদ ও ব্যবসায়ী ফজলে আজিম বলেন, দেশে আইনের শাসন নেই। ব্যবসা-বাণিজ্য কঠিন হয়ে পড়েছে।