দিনে ৫ কোটি মিনিট কল অবৈধ পথে আসছে

দেশে এখন অবৈধ পথে প্রতিদিন গড়ে ৫ কোটি মিনিটের বেশি কল আসছে। ২০১৫ সালে বৈধ পথে প্রতিদিন গড়ে ১২ কোটি মিনিটের বেশি কল এলেও ২০১৬ সালে তা সাড়ে ৬ কোটি মিনিটে নেমে এসেছে। কমে যাওয়া কল মিনিটের বেশির ভাগই অবৈধ ভিওআইপি হয়ে দেশে আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।
প্রথম আলোসহ কয়েকটি গণমাধ্যমের সঙ্গে এক মতবিনিময়ে এমন তথ্য জানিয়েছেন বিটিআরসি প্রধান। কল কমে যাওয়ার জন্য দুটি বিষয়কে চিহ্নিত করে শাহজাহান মাহমুদ বলেন, বিদেশ থেকে কল আনার মূল্য বেড়ে যাওয়া এবং ইন্টারনেট ডেটাভিত্তিক ওভার দ্য টপ (ওটিটি) কলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বৈধ পথে কল আসা কমে যাচ্ছে। আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতিতে সিম নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন না হলে এই কলসংখ্যা আরও কমে যেত।
কলসংখ্যা কমে যাওয়ার জন্য আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটরদের দায়ী করে বিটিআরসির চেয়ারম্যান বলেন, কল রেট দেড় সেন্ট থেকে দুই সেন্ট হওয়ার পর কলসংখ্যা কমে গেছে। এটি অত্যন্ত দুঃখজনক। এই কলগুলোর মধ্যে অবৈধ ভিওআইপি হচ্ছে ৫ কোটির বেশি।
অবৈধ ভিওআইপির বিষয়ে শাহজাহান মাহমুদ বলেন, এ বিষয়ে বিটিআরসির নীতি হলো ‘জিরো টলারেন্স’। অবৈধ ভিওআইপিতে কোনো সিম ধরা পড়লে আগে ৪ ঘণ্টার মধ্যে বন্ধ করা হতো, এখন সেটি কমিয়ে ২ ঘণ্টা করা হয়েছে। কোনো মুঠোফোন অপারেটরের নেটওয়ার্কে অবৈধ ভিওআইপি হচ্ছে সেটি ধরতে এখন জার্মানির সিগসের সঙ্গে যুক্তরাজ্যের থ্রিডিআইয়ের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। অবৈধ ভিওআইপিতে কারও সিম ধরা পড়লে ৫০ ডলারের সমপরিমাণ অর্থ জরিমানা করা হচ্ছে।
ওটিটির বিষয়ে বিটিআরসি প্রধান বলেন, ভাইবার, হোয়াটসঅ্যাপের মতো ওটিটি কল বেড়ে যাওয়ায় তা আন্তর্জাতিক কলসংখ্যায় কিছুটা নেতিবাচক প্রভাব হয়তো ফেলছে। তবে এসব ওটিটি অ্যাপ্লিকেশন বন্ধ করে দেওয়ার কোনো চিন্তা বিটিআরসির নেই। একটি মহল বিষয়টি নিয়ে অযথা অপপ্রচার চালানোর চেষ্টা করছে। এ ক্ষেত্রে সরকার যে সিদ্ধান্ত নেবে, সেটিই বাস্তবায়ন করা হবে।
কল বাড়াতে কল রেট কমিয়ে আনার বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, বাজার পরিস্থিতি দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, এ বিষয়ে কাজ চলছে। আইজিডব্লিউগুলোর কাছে থাকা সরকারের বকেয়া আদায় করে বাজার স্থিতিশীল রাখার বিষয়ে বিটিআরসি বেশি গুরুত্ব দিচ্ছে।
নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ২০১৬ সালে বিটিআরসির অর্জন সম্পর্কে শাহজাহান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট তৈরির কাজ ইতিমধ্যেই ৫০ শতাংশ শেষ হয়েছে। কলড্রপসহ গ্রাহকসেবার মান নিশ্চিত করার জন্য বিটিআরসি নিজস্ব যন্ত্রপাতি কিনেছে। এর ফলে সেবার মান পরিমাপ করার জন্য এখন অপারেটরদের তথ্যের ওপর নির্ভর করতে হবে না। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন প্রক্রিয়ার কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে পারাও ছিল বিটিআরসির আরেকটি উল্লেখযোগ্য অর্জন।
২০১৭ সালের পরিকল্পনা সম্পর্কে বিটিআরসি চেয়ারম্যান বলেন, নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদল বা এমএনপি সুবিধা চালুর কাজটি যত দ্রুত সম্ভব শেষ করা হবে। মুঠোফোন টাওয়ার ভাগাভাগি, চতুর্থ প্রজন্মের (ফোরজি) টেলিযোগাযোগ সেবা, ভয়েসমেইল চালুর পরিকল্পনাও আছে।