দীর্ঘ মেয়াদে অর্থবহ কোম্পানি আইন প্রণয়নের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর ঘন ঘন কোম্পানি আইন সংশোধন-পরিবর্তন করা যাবে না। বরং দীর্ঘমেয়াদে অর্থবহ হয়, এমনভাবেই এবার ‘কোম্পানি আইন-২০১২’ প্রণয়ন করতে হবে। করবিষয়ক আইনকানুনের সঙ্গে সাংঘর্ষিকতা এড়াতে হবে। কোম্পানি আইন-২০১২ নিয়ে গতকাল রাজধানীর একটি হোটেলে এক আলোচনা সভায় এই অভিমত ব্যক্ত করা হয়। এতে সভাপতিত্ব করেন বাণিজ্য সচিব গোলাম হোসেন। সভায় বাণিজ্য সচিব বলেন, কোম্পানি আইনের খসড়াটি যথাসময়ে ওয়েবসাইটে প্রকাশ করা হবে, যেন সবাই তা দেখতে ও মতামত দিতে পারেন। এখন খসড়া প্রণয়নের কাজ চলছে।গোলাম হোসেন আরও বলেন, কোম্পানি আইন-১৯৯৪ চূড়ান্ত করতে প্রায় ১০ বছর সময় লেগেছিল। এবারের আইনটি চূড়ান্ত করতে অত সময় লাগবে না। তা ছাড়া এবার বিভিন্ন পক্ষের সঙ্গে নিয়মিত আলাপ-আলোচনা করা হচ্ছে, সুপারিশ-প্রস্তাব নেওয়া হচ্ছে। বাণিজ্য সচিব বলেন, কোম্পানি আইনের পরিধি আসলে অনেক বড় যাকে বলা যায় ‘আমব্রেলা ল’ বা বৃহত্তর আইন। প্রাসঙ্গিক অন্য আইনগুলোকে সেভাবেই বিবেচনা করতে হবে। যেমন করবিষয়ক আইন। এই আইনের সঙ্গে সাংঘর্ষিকতা দূর করতে হবে। এ প্রসঙ্গে বাণিজ্য সচিব বলেন, জাতীয় রাজস্ব বোর্ড দীর্ঘদিন ভুল পদ্ধতিতে গাড়ি আমদানির শুল্কায়ন করে আসছিল। শেষ পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয় ট্যারিফ কমিশনকে দিয়ে বিশ্লেষণ করিয়ে বিষয়টি চিহ্নিত করেছে। এখন এই শুল্কায়ন পদ্ধতি সংশোধন করা হচ্ছে। অথচ বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়ের নয়। কাজেই এনবিআরকেও এসব বিষয়ে সচেতন হতে হবে। আলোচনায় অংশ নিয়ে আইনজীবী তানজিব-উল-আলম বলেন, আইনের খসড়ায় নির্ধারিত সময়ে বিবরণী বা রিটার্ন দাখিল না করলে বড় জরিমানার বিধান রাখা হয়েছে। পর পর তিন বছর বিবরণী দাখিল না করলে আরজেএসসি (যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের পরিদপ্তর) থেকে নিবন্ধ খারিজ করার ক্ষমতা নিবন্ধককে দেওয়া হয়েছে।তানজিব আরও বলেন, রিটার্ন দাখিলের জন্য আগাম বার্তা দেওয়া যায় কি না, সে জন্য তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া যেতে পারে। তানজিব বলেন, আরজেএসসির তথ্য ভান্ডারকে শক্তিশালী ও অনলাইনে ব্যবহার উপযোগী করা যেতে পারে। এ জন্য আইনে কোনো বাধা নেই, থাকবে না। আলোচনায় ইকোনমিক রিসার্চ গ্রুপের সাজ্জাদ জহির ও আদিব চৌধুরীর যৌথ প্রবন্ধ উপস্থাপন করেন সাজ্জাদ জহির। এতে কোম্পানি আইনে অনানুষ্ঠানিক খাতের অন্তর্ভুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়। এতে বলা হয়, কোম্পানি আইন করকাঠামো ও প্রণোদনার জন্য প্রণীত নয়। তবে সরকারি নীতিমালা ও বিধানে সামঞ্জস্যতার স্বার্থে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আলোচনা করা প্রয়োজন। আলোচনায় আরও অংশ নেন ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম, মসিহ মালিক চৌধুরী, মনজুর আহমেদ, ফেরদৌসী বেগম, মো. হেলালউদ্দিন প্রমুখ। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সহযোগিতায় ইআরজি এই আলোচনার আয়োজন করে।