দীর্ঘ মেয়াদে মাছ রপ্তানি বন্ধ রাখার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের নদ-নদী, খাল-বিল ও পুকুরে যেই মাছ উৎপন্ন হয়, তা দিয়ে দেশেরই চাহিদা মেটে না। সে কারণে পাশের দেশগুলো থেকে প্রচুর পরিমাণে মাছ আমদানি করতে হয়। আমদানি করা মাছ দিয়েই মিটছে দেশের মানুষের মাছের চাহিদা।এই অবস্থায় দেশ থেকে বৈধ ও অবৈধ পথে ইলিশসহ প্রচুর পরিমাণে দেশীয় মাছ রপ্তানি হয়ে যাচ্ছে। এতে বাজারে মাছের সরবরাহ যেমন কমছে, তেমনি ক্রেতাদের কাছ থেকে বিক্রেতারা নিচ্ছেন চড়া দাম। ফলে খুচরা বাজারে এখন ১০০ টাকার নিচে কোনো মাছের কেজি পাওয়া যায় না।মাছের আড়তদার ও বড় পাইকারি ব্যবসায়ীরা বলছেন, সরকার মাছ রপ্তানি বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছে, তা অত্যন্ত যৌক্তিক। এর ফলে মাছ সাধারণ মানুষের হাতের নাগালে আসবে। তবে দীর্ঘ মেয়াদে এর সুফল পেতে হলে সরকারকে স্থায়ীভাবে মাছ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিতে হবে।দেশের অন্যতম বড় পাইকারি মৎস্য বাজারটি যাত্রাবাড়ীতে। যাত্রাবাড়ী মৎস্য আড়তদার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘আমরা দেশি মাছ দিয়ে নিজেদের চাহিদাই মেটাতে পারি না। কেন এই মাছ বিদেশে রপ্তানি করা হবে। সরকারের উচিত ইলিশসহ সব মাছ রপ্তানি সব সময়ের জন্য বন্ধ ঘোষণা করা।’আরেক বড় পাইকারি বাজার কারওয়ান বাজারের মৎস্য আড়তদার মালিক সমবায় সমিতির সভাপতি নূরুল ইসলামও স্থায়ীভাবে মাছ (ইলিশসহ) রপ্তানি বন্ধ করার দাবি জানান। তিনি এমন সিদ্ধান্ত নেওয়াকে ‘জনকল্যাণমূলক ব্যবস্থা’ মন্তব্য করে প্রথম আলোকে বলেন, ‘মাছ রপ্তানি করে অল্প কয়েকজন ব্যবসায়ী লাভবান হচ্ছেন। কিন্তু এতে দেশের মানুষের কয়েকগুণ বেশি ক্ষতি হয়ে যাচ্ছে।’মৎস্য অধিদপ্তরের হিসাবে, ২০১১-১২ অর্থবছরে দেশে মাছের উপাদন হয়েছে ৩২ লাখ ২২ হাজার টন। আর রপ্তানি হয়েছে ১৯ হাজার টন মাছ। তার আগের অর্থবছরে ৩০ লাখ ৬২ লাখ টন উৎপাদিত মাছের ১৬ হাজার টন রপ্তানি হয়েছে।মাছ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, শুধু ইলিশ নয়, টেংরা, মলা, পাবদা, শিং, বোয়ালসহ বিভিন্ন ধরনের দেশীয় মাছ বিদেশে রপ্তানি হয়ে যাচ্ছে। এর একটি বড় অংশই রপ্তানি হয় ভারতে। এ ছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, চীনসহ কয়েকটি দেশেও মাছ রপ্তানি হচ্ছে।মাছ রপ্তানির কারণে দেশে মাছের সরবরাহ কমে যাচ্ছে। সে কারণে আবার মাছ আমদানিও করতে হচ্ছে। বর্তমানে মিয়ানমার থেকে রুই ও কাতলা; ভারত থেকে কাতলা, পাবদা ও বোয়াল; পাকিস্তান থেকে চিতল ও বোয়াল আমদানি করা হচ্ছে।যাত্রাবাড়ী বাজারের মাছের একজন বড় আড়তদার আক্ষেপ করে প্রথম আলোকে বলেন, ‘ভারতের পাবদা মাছ আমরা খাচ্ছি ৪০০ থেকে ৫০০ টাকায়। অথচ আমাদের চাষের পাবদার দাম এর চেয়ে কম। কিন্তু সেটা বিদেশে রপ্তানি হয়ে যাচ্ছে।’মাছ রপ্তানি বন্ধের সিদ্ধান্তের কিছু ইতিবাচক প্রভাব বাজারে পড়তে শুরু করেছে। নুরুল ইসলাম জানান, কয়েক দিন আগেও ট্রলারে করে ভোলা থেকে চাঁদপুরে এক মণ ইলিশ (৮০টির মতো) আসত ৪৮ হাজার থেকে ৫০ হাজার টাকায়। গতকাল বুধবার তা এসেছে ৩৮ হাজার টাকায়।রাজধানীর কাঁচা বাজারগুলোতে ইলিশের দাম কমেছে বলে জানান নুরুল ইসলাম। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, কয়েক দিন আগেও এক কেজি ইলিশের দাম ছিল এক হাজার ৩০০ টাকা। গতকাল তা বিক্রি হয়েছে এক হাজার টাকায়।ঠেকাতে হবে ইলিশ রপ্তানি: আড়তদারেরা বলছেন, দেশের মানুষের বেশি চাহিদা ইলিশে। কিন্তু ইলিশের দাম বেশি হওয়ায় ক্রেতারা অন্য মাছ কেনেন। আর খুচরা বিক্রেতারা এই সুযোগে অন্য মাছও বেশি দামে বিক্রি করেন। তাই ইলিশের দাম যদি কমানো যায়, তাহলে অন্য মাছের দাম এমনিতেই কমে যাবে।মাছ ব্যবসায়ীরা জানান, সাবেক তত্ত্বাবধায়ক সরকার ছয় মাসের জন্য ইলিশ রপ্তানি বন্ধ করেছিল। ওই সময় ইলিশের দাম অনেক কমে গিয়েছিল। অন্য মাছের দামও তখন কমে যায়।মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০০৯-১০ অর্থবছরে দেশে ইলিশ উৎপাদিত হয় তিন লাখ ১৩ হাজার টন। এর মধ্যে রপ্তানি হয় তিন হাজার ১০০ টন। টাকার হিসাবে ১২৫ কোটি টাকা। ২০১০-১১ অর্থবছরে ইলিশের উৎপাদন হয় তিন লাখ ৪০ হাজার টন। রপ্তানি হয় সাড়ে আট হাজার টন (৩৫২ কোটি টাকা)।তবে চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বর্তমানে প্রচুর পরিমাণে ইলিশ মাছ বিদেশে রপ্তানি হচ্ছে। কিন্তু বাংলাদেশ কাস্টমস ট্যারিফ (বিসিটি) তফসিলে ইলিশের কোনো সুনির্দিষ্ট এইচ এস কোড নেই। এ কারণে ইলিশ রপ্তানির প্রকৃত তথ্য ও পরিমাণ অনেক ক্ষেত্রে সরবরাহ করা সম্ভব হয় না।আবার মাছ রপ্তানি আপাতত বন্ধ হলেও এর সুফল পেতে সরকারকে মাছ মজুদ করাও বন্ধ করতে হবে হবে বলে মনে করেন বিক্রেতারা। কয়েকজন আড়তদার বলেন, মজুদের কারণে মাছ ব্যবসায়ীদের অনেকেই বাজারে মাছ সরবরাহ কমিয়ে হিমাগারে ইলিশ সংরক্ষণ করবেন। যেন সরবরাহ-সংকটের সময় বাজারে ইলিশ ছেড়ে বেশি দামে বিক্রি করতে পারেন।