সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিতিশীলতার মারাত্মক প্রভাব পড়েছে অর্থনীতির ওপর। তাই সরকারের সামনে অর্থনীতির ক্ষেত্রে করণীয় দীর্ঘ তালিকা দীর্ঘতর হয়েছে।
এই অভিমত ব্যক্ত করে মেট্রোপলিটন চেম্বার (এমসিসিআই) হরতাল-অবরোধে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও ধ্বংসপ্রাপ্ত রাস্তাঘাট, মহাসড়ক, সেতু, রেলপথসহ ভৌত অবকাঠামো দ্রুত ও অগ্রাধিকার ভিত্তিতে পুনর্নির্মাণের আহ্বান জানিয়েছে। এমসিসিআই বলছে, এই কাজে বড় ধরনের সরকারি ব্যয় প্রয়োজন হলেও চলতি অর্থবছরে এ পর্যন্ত বাজেট-ঘাটতি লক্ষ্যমাত্রার মধ্যে থাকায় এই ব্যয় বড় সমস্যা হবে না।
এমসিসিআই চলতি ২০১৩-১৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অর্থনৈতিক পরিস্থিতির যে পর্যালোচনা প্রতিবেদন প্রস্তুত করেছে, তাতে এসব কথা বলা হয়েছে। প্রতিবেদনটি গতকাল গণমাধ্যমে পাঠানো হয়।
এমসিসিআই বলছে, ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে নতুনভাবে ক্ষমতায় আসার পর সরকারের প্রথম কাজ হলো রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা। আর সবার কাছে এটা পরিষ্কার করতে হবে যে নিরাপত্তা ও আইনশৃঙ্খলার বিষয়ে কোনো আপস নেই। বিদেশে দেশের ভাবমূর্তি বাড়ানোর জন্য এটা প্রয়োজন।
মেট্রো চেম্বার আরও বলেছে, নির্বাচনী ইশতেহারে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয়গুলোতে সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো বাস্তবায়নে সরকারের এখন ভালোভাবে কাজ করা উচিত। ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে বাংলাদেশকে উন্নীত করতে সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছে, তার মধ্যে রয়েছে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ত্বরান্বিত করা, বর্তমান প্রকল্পটির পাশাপাশি আরেকটি পদ্মা সেতু নির্মাণ, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ, সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণ, একটি আধুনিক বিমানবন্দর, ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে ইত্যাদি।
এমসিসিআই মনে করে, রাজস্ব আহরণ ও বিদেশি সাহায্যপ্রবাহ শ্লথ হয়ে যাওয়ার কারণে সম্পদের ঘাটতি হওয়ায় সরকারের উচিত হবে শুধু গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে ব্যয়ের অগ্রাধিকার নির্ধারণ করা এবং সম্পূর্ণ নতুন ও ব্যয়বহুল প্রকল্পগুলোকে দীর্ঘ সময়ের জন্য সরিয়ে রাখা।
মেট্রো চেম্বারের মতে, এই মুহূর্তে সরকারের সবচেয়ে ভালো কৌশল হবে শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি উন্নয়ন, প্রয়োজনীয় ভৌত অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, কৃষিতে সমর্থন প্রদান ও শিল্প খাতে বিনিয়োগ উৎসাহিতকরণ।
এমসিসিআই মনে করে, বাংলাদেশের অর্থনীতির সহনক্ষমতার নিরিখে এসব কাজ সম্পন্ন করা কঠিন হলেও অর্জনযোগ্য। তবে অনেক কিছুই নির্ভর করছে কত দ্রুত রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের মাধ্যমে বিদ্যমান রাজনৈতিক অচলাবস্থার নিরসন হয়, তার ওপর।