দীর্ঘদিন ধরেই ভুলভাবে সূচক গণনা হচ্ছিল
দীর্ঘদিন ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জে ভুলভাবে সূচক গণনা করা হচ্ছিল। বিশেষ করে ২০০৯ সালের ১৬ নভেম্বর গ্রামীণফোনের তালিকাভুক্তির পর সূচকের বড় ধরনের উল্লম্ফন বা পরিবর্তন হলে সূচক গণনায় ত্রুটির বিষয়টি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নজরে আসে। তখন এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপর ভুল সূচক সংশোধনের উদ্যোগ নেয় ডিএসই। এর অংশ হিসেবে সব ধরনের শেয়ারের পরিবর্তে শুধু ফ্রি-ফ্লোট শেয়ারের ভিত্তিতেই সূচক গণনা শুরু করে ডিএসই। আর নতুন করে ফ্রি-ফ্লোট শেয়ারের সংজ্ঞা নির্ধারণ করে দেয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।তবে পুরোপুরি সূচকের ত্রুটি সংশোধনে ডিএসইর কার্যকর পদক্ষেপে ঘাটতি পরিলক্ষিত হয়েছে। সোমবার থেকে ডিএসইর ওয়েবসাইটে তিনটি সূচক প্রদর্শিত হবে। এর মধ্যে দুটি নতুন সূচক আর অপরটি বিদ্যমান সাধারণ সূচক বা ডিজিইএন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সাধারণ বিনিয়োগকারীদের সুবিধার্থে প্রথম দিকে কয়েক মাস নতুন দুই সূচকের পাশাপাশি বিদ্যমান সাধারণ সূচক বা ডিজিইএন প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সূচকের সঙ্গে সাধারণ বিনিয়োগকারীসহ বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা অভ্যস্ত হয়ে গেলে ধীরে ধীরে ডিজিইএন সূচকটি উঠে যাবে। আর তখন ডিএসইর ওয়েবসাইটে প্রদর্শিত হবে শুধু নতুন দুটি সূচক।