দীর্ঘদিন পণ্য রাখলে বেশি মাশুল মাফ!
চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পণ্য ফেলে রাখলে ভাড়াতেও বেশি মাফ পাচ্ছেন আমদানিকারকেরা। এ সুযোগ নিতে তাঁদের অনেকেই কনটেইনার ওঠানো-নামানোসহ পণ্য খালাস কার্যক্রমে বেশি সময় নিচ্ছেন। যাঁরা বেশি দিন পণ্য ফেলে রেখে বন্দরে জট সৃষ্টি করছেন, তাঁরা মূল ভাড়ায় মওকুফ পেলেও যেসব ব্যবসায়ী দ্রুত পণ্য খালাস করেন, তাঁদের জন্য কোনো পুরস্কার নেই।খোঁজ নিয়ে জানা গেছে, নৌ পরিবহন মন্ত্রণালয়ের নীতিমালাই একশ্রেণীর আমদানিকারকের বন্দরে পণ্য ফেলে রেখে অধিক পরিমাণ ভাড়া মওকুফের সুবিধা নিতে উৎসাহিত করছে। বর্তমান সরকারের শুরু থেকে গত মার্চ মাস পর্যন্ত বন্দরের ১৬ কোটি ৭৪ লাখ টাকা পণ্য রাখার মূল ভাড়া মাফ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। এর মধ্যে সাবেক নৌমন্ত্রী আফছারুল আমীন প্রায় সাড়ে চার কোটি টাকা এবং বর্তমান নৌমন্ত্রী শাজাহান খান মাফ করেছেন বাকি টাকা। মাফ পাওয়া টাকার সবই বন্দরের মূল মাশুল। এ সময় পণ্যের ওপর দণ্ডভাড়া আরোপ করা হয়নি। এদিকে নৌমন্ত্রীর পর এবার বন্দরের চেয়ারম্যানেরও ভাড়া মওকুফ করার ক্ষমতা বাড়ানোর সুপারিশ করেছে বন্দর উপদেষ্টা কমিটি। উপদেষ্টা কমিটিতে থাকা বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী প্রতিনিধিদের চাপে এ সুপারিশ করা হয়। অবশ্য নীতিগতভাবে নৌপরিবহন সচিব ও বন্দর চেয়ারম্যান বন্দরে পণ্য রাখার মূল মাশুল মাফ করা বা কমানোর বিপক্ষে বলে জানা গেছে। বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘এ ক্ষমতা চাই না। কারণ এ ক্ষমতা দেওয়া হলে কাজের চাপ বাড়বে। জরুরি কাজ সামাল দিতে হিমশিম খেতে হবে।’ বন্দর অধ্যাদেশের ২০ ধারা অনুযায়ী, বন্দর কর্তৃপক্ষ এক হাজার টাকা পর্যন্ত পণ্য রাখার ভাড়া মওকুফ করতে পারে। তবে বিশেষ ক্ষেত্রে যেকোনো পণ্যের মোট ভাড়া-দণ্ডভাড়ার আংশিক কিংবা সম্পূর্ণ মওকুফ করার এখতিয়ার সরকার তথা নৌ-মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। বেশি দিন রাখলে বেশি মওকুফ: নৌপরিবহন মন্ত্রণালয়ের ২০০৯ সালে জারি করা ভাড়া মওকুফের নীতিমালা অনুযায়ী আমদানি পণ্যের মূল্যের (প্রাক্জাহাজীকরণ সংস্থার প্রত্যায়িত মূল্য) চেয়ে ভাড়া বেশি হলে সেই অতিরিক্ত ভাড়া মওকুফযোগ্য বিবেচিত হবে। কিন্তু এ ক্ষেত্রে কোনো সীমারেখা টানা হয়নি। যে কারণে দুই বছর পরও যদি আমদানিকারক বন্দরে পণ্য ফেলে রাখতে চান, তাহলেও পণ্যমূল্যের চেয়ে বেশি টাকা দেওয়ার দরকার হবে না। সূত্রমতে, ৪০ ফুট দীর্ঘ একটি কনটেইনার এক মাসের মধ্যে খালাস নিলে আমদানিকারক মওকুফ পাবেন ৩৪২ মার্কিন ডলার। দুই মাস পর খালাস হলে ৬৩৭ ডলার পর্যন্ত মওকুফ পেতে পারেন। এ বিষয়ে জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে বর্তমান নৌমন্ত্রী ফোন না ধরায় তাঁর মতামত জানা যায়নি। তবে বিষয়টি নিয়ে সম্প্রতি মুঠোফোনে আলাপকালে মন্ত্রী এই প্রতিনিধিকে বলেন, নীতিমালার আলোকে ভাড়া মওকুফ করা হচ্ছে। সর্বনিম্ন ২৫ শতাংশ মওকুফ করা হলেও টাকার অঙ্ক বেশি হলে সে ক্ষেত্রে কম মওকুফ করা হয়েছে। তিনি বলেন, ভাড়া মওকুফ না করলে এসব পণ্য নিলামে তোলা হয়। সে ক্ষেত্রে বন্দরও টাকা পায় না। মূল ভাড়া মাফের বিপক্ষে কর্মকর্তারা: বন্দরের মাশুল মাফ করার বিষয়ে দায়িত্বশীল কর্মকর্তারা সরাসরি কথা বলতে চান না। তবে গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত উপদেষ্টা কমিটির বৈঠকে খোলাখুলি কথা বলেন অনেকে। ওই বৈঠকের একটি সূত্র জানায়, নৌপরিবহন সচিব সৈয়দ মনজুরুল ইসলাম মওকুফের সরাসরি বিরোধিতা করেন। তিনি সভায় বলেন, বন্দর থেকে পণ্য খালাসের জন্য চার দিন সময় দেওয়া হয়। যত দ্রুত খালাস হবে, ততই বন্দরের দক্ষতা বাড়বে। বন্দরে পণ্য ফেলে রাখাটাকে উৎসাহ কিংবা প্রেরণা দেওয়া ঠিক হবে না। এ ধরনের মওকুফই থাকা উচিত নয়। একান্ত মানবিক ক্ষেত্র ছাড়া এ ধরনের মওকুফ নিরুৎসাহিত করা উচিত বলে মন্তব্য করেন তিনি।তবে বিষয়টি সম্পর্কে মুঠোফোনে যোগাযোগ করা হলে নৌসচিব কোনো মন্তব্য করতে রাজি হননি। কনটেইনারের স্তূপ বাড়ছে: ভাড়া মওকুফের সুবিধা নিতে অনেক আমদানিকারক বন্দরে কনটেইনার ফেলে রাখছেন। গত এক মাসে পণ্যভর্তি ২০ হাজার কনটেইনার ফেলে রাখা হয় বলে জানা গেছে।