দীর্ঘমেয়াদি বিনিয়োগে জার্মানির আগ্রহ
২০১০-১১ অর্থবছরে বাংলাদেশ থেকে ৩৪৩ কোটি ৮৭ লাখ ডলারের পণ্য জার্মানিতে রপ্তানি হয়েছে। এর বিপরীতে সে দেশ থেকে আমদানি হয়েছে ৬৯ কোটি ২২ লাখ ডলারের পণ্য। সে হিসেবে জার্মানির সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে অনেকটাই এগিয়ে বাংলাদেশ।তবে বাংলাদেশ বাণিজ্যে এগিয়ে থাকলেও তাতে চিন্তিত নন জার্মানির ব্যবসায়ীরা; বরং বাংলাদেশকে ব্যবসায়িক ক্ষেত্রে শক্তিশালী করতে দীর্ঘ মেয়াদে বিনিয়োগে আগ্রহী তাঁরা। এ জন্য গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন তাঁরা।গতকালরাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ও জার্মানির ব্যবসায়ীদের মধ্যে এক আলোচনায় এসব বক্তব্য উঠে এসেছে। জার্মানির প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশ সফররত একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের জন্য মধ্যাহ্নভোজ সভার আয়োজন করে দেশের শিল্প ও বণিক সমিতিগুলোর শীর্ষ সংগঠন এফবিসিসিআই।সভায় জার্মান সরকারের অর্থ ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্যনীতি বিভাগের পরিচালক কার্ল আর্নেস্ট ব্রোনার বলেন, ‘বাংলাদেশকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমরা আমাদের স্বার্থ খুঁজি। কারণ, বাংলাদেশ যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়, তাহলে তাদের অনেক বেশি সরঞ্জামের প্রয়োজন হবে। আর ভালো সরঞ্জাম তৈরির জন্য বাংলাদেশ জার্মানির শরণাপন্ন হবে।’জার্মান ব্যবসায়ী প্রতিনিধিদলের এই প্রধান আরও বলেন, ‘আমরা বাংলাদেশে স্বল্প সময়ের ব্যবসায়ের জন্য আসিনি। দীর্ঘমেয়াদি ব্যবসার সম্পর্ক প্রতিষ্ঠার জন্য এসেছি।’জার্মান-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘এক বছর আগে দেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল আইন তৈরি করা হয়েছে। কিন্তু এখনো এর জন্য কোনো অবকাঠামো হয়নি, এমনকি কোনো জমিও চিহ্নিত হয়নি। শুনেছি, কেবল একটি নীতিমালা তৈরি করা হয়েছে। আমরা দ্রুত এই অর্থনৈতিক অঞ্চলের বাস্তবায়ন দেখতে চাই, যাতে দু-একটি অঞ্চলে জার্মানির ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারেন।’জার্মানির অন্তত ৭০টি প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান সাইফুল ইসলাম।এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, যুক্তরাষ্ট্রের পর জার্মানি হচ্ছে বাংলাদেশের পণ্য আমদানিকারক দ্বিতীয় প্রধান দেশ। জার্মানির বাজারে এ দেশের পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে।২০১০-১১ অর্থবছরে এ দেশে জার্মানির আট কোটি ডলারের বিনিয়োগ ছিল উল্লেখ করে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘জার্মানির ব্যবসায়ীরা এখনই ১০ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব দিচ্ছে। তবে এ জন্য তাদের গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ দিতে হবে।’সভায় অন্যদের মধ্যে এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন এবং সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বক্তব্য দেন।অবকাঠামোয় বিনিয়োগে আগ্রহ: এদিকে জার্মানির এই প্রতিনিধিদল বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষা ৎ করে এ দেশে সৌরবিদ্যু ৎ, জাহাজ নির্মাণ ও অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।এ সময় বাণিজ্যমন্ত্রী বিনিয়োগের পরিবেশ তুলে ধরে বাংলাদেশে জার্মানির বিনিয়োগ বাড়ানোর অনুরোধ করেন। প্রতিনিধিদল এ সময় গ্যাস, বিদ্যু ৎ, যোগাযোগব্যবস্থাসহ বিনিয়োগ-সহায়ক উপকরণ সম্পর্কে জানতে চায়। এসব ক্ষেত্রের বিদ্যমান সমস্যা শিগগির সমাধান হবে বলে মন্ত্রী প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন।প্রতিনিধিদলের প্রধান কার্ল আর্নেস্ট ব্রোনার বাণিজ্যমন্ত্রীর কাছে পাকিস্তানকে জিএসপি সুবিধা দেওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে চান। মন্ত্রী জবাবে বলেন, ‘বন্যাদুর্গত হওয়ায় পাকিস্তানের প্রতি আমাদের সহানুভূতি আছে। তবে মানবিক সহায়তা ও বাণিজ্য মিলিয়ে ফেলা ঠিক হবে না।’প্রতিনিধিদলে ফ্রাঙ্কফুর্ট কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মার্কাস বার্নার, আম্মান গ্রুপের চেয়ারম্যান বুডো বাজল, ওয়েলহেম জি ক্লাসেন কোম্পানির স্বত্বাধিকারী পিটরি ক্লাসেনসহ ১৪ জন ব্যবসায়ী উপস্থিত ছিলেন। এ সময় বাণিজ্যসচিব মো. গোলাম হোসেনও উপস্থিত ছিলেন।