দুই অঙ্কের জিডিপি প্রবৃদ্ধি অসম্ভব নয়: গভর্নর
বাংলাদেশের মোট দেশজ উত্পাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার দুই অঙ্কের ঘরে উন্নীত করা অসম্ভব কিছু নয় বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। এ জন্য তিনি আর্থিক সেবা কার্যক্রমের আওতা বাড়ানোকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।গতকাল শনিবার সকালে বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যালয়ে ‘ইনক্লুসিভ ব্যাংকিং: এ মিনস ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ অভিমত ব্যক্ত করেন।গভর্নর বলেন, দেশের বিপুলসংখ্যক জনগোষ্ঠী ব্যাংকিং সেবা কার্যক্রমের বাইরে রয়েছে। তাদের এই সেবায় অন্তর্ভুক্ত করতে হবে। এ জন্য ইতিমধ্যেই বাংলাদেশ ব্যাংক কৃষকদের জন্য ন্যূনতম ১০ টাকায় ব্যাংক হিসাব খোলা, বর্গাচাষিদের ঋণ প্রদান, ইলেকট্র্রনিক ব্যাংকিং কার্যক্রম প্রসার, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তার জন্য অর্থায়ন বাড়ানোর মতো কার্যক্রম হাতে নিয়েছে বলেও উল্লেখ করেন আতিউর রহমান।গভর্নর পল্লি অঞ্চলে ব্যাংকিং কার্যক্রমের সীমিত কার্যক্রমের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন।বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ব্যাংকিং সেবা কার্যক্রম দেশের সব মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। অনেক ক্ষেত্রেই ক্ষুদ্রঋণের বিস্তার ঘটলেও তা গরিব মানুষের জন্য তেমন সহায়ক হয়নি।কর্মশালার কর্ম-অধিবেশনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের অধ্যাপক তৌফিক আহমেদ চৌধুরী আর্থিক অন্তর্ভুক্তকরণ বিষয়ে আন্তর্জাতিক অভিজ্ঞতার কিছু চিত্র তুলে ধরেন।