দুই আইজিডব্লিউর লাইসেন্স বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্যক্রম স্থগিত থাকা আরও দুটি আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটরের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। অপারেটর দুটি হলো ভিশন টেল ও বেস্টেক টেলিকম। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মতিতে গত সপ্তাহে এ সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। এর ফলে মোট চারটি আইজিডব্লিউ অপারেটরের লাইসেন্স বাতিল হলো।
এ দুই আইজিডব্লিউ অপারেটরের কাছে সরকারের মোট রাজস্ব বকেয়া ২৫৪ কোটি ১৫ লাখ টাকা। এর মধ্যে ভিশন টেলের কাছে ১৩৮ কোটি ৭৬ লাখ ও বেস্টেক টেলিকমের কাছে ১১৫ কোটি ৩৯ লাখ টাকা পাওনা। বিটিআরসি গত মাসে রাতুল টেলিকম এবং কে টেলিকমিউনিকেশনস নামের আরও দুটি আইজিডব্লিউ অপারেটরের লাইসেন্স বাতিল করে। বকেয়া রাজস্ব পরিশোধ না করায় এসএম কমিউনিকেশন ও টেলেক্স টেলিকম নামের আরও দুটি অপারেটরের কার্যক্রম এক বছর ধরে স্থগিত আছে। এ দুটি প্রতিষ্ঠানের কাছে সরকারের পাওনা যথাক্রমে ২৯ কোটি ১৮ লাখ ও ৭২ কোটি ৭৩ লাখ টাকা। বিদেশ থেকে বাংলাদেশে কল আনা-নেওয়ার মাধ্যম হিসেবে কাজ করে আইজিডব্লিউ অপারেটররা। এ জন্য সরকারকে নির্দিষ্ট অঙ্কের অর্থ দিতে হয় এসব অপারেটরকে। ২৯টি আইজিডব্লিউ অপারেটর লাইসেন্স পেলেও বর্তমানে ২৩টি কার্যক্রম পরিচালনা করছে।