দুই আইপিওর চাঁদা গ্রহণ শুরু আগামী মাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্তির অপেক্ষায় থাকা নতুন দুই কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর চাঁদা সংগ্রহ শুরু হচ্ছে। কোম্পানি দুটি হলো ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট (ওয়েস্টিন) এবং আমরা টেকনোলজিস।এর আগে কোম্পানি দুটি আইপিওতে শেয়ার ছাড়ার জন্য বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চূড়ান্ত অনুমোদন পেয়েছে।এর মধ্যে আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে আমরা টেকনোলজিসের আইপিওর টাকা গ্রহণ। চলবে ৫ এপ্রিল পর্যন্ত। তবে প্রবাসী বাংলাদেশিরা ১৪ এপ্রিল পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। অন্যদিকে ১৫ এপ্রিল থেকে শুরু হবে ইউনিক হোটেলের আইপিওর চাঁদা সংগ্রহ কার্যক্রম। চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। অবশ্য প্রবাসী বাংলাদেশিরা ২৮ এপ্রিল পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। আইপিওতে আবেদনের জন্য প্রবাসীদেরকে কিছুটা বাড়তি সময় দেওয়া হয়।১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৪ টাকা প্রিমিয়াম যোগ করে আমরা টেকনোলজিসের প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারিত হয়েছে ২৪ টাকা। প্রসপেক্টাস অনুসারে, কোম্পানিটির প্রতিটি বাজারগুচ্ছ বা মার্কেট লটে রয়েছে ২৫০টি শেয়ার। সেই হিসাবে কোম্পানিটির প্রতি লট শেয়ারের আবেদনের জন্য লাগবে ছয় হাজার টাকা। জানা গেছে, কোম্পানিটি আইপিওর মাধ্যমে মোট দুই কোটি ১৫ লাখ ৭২ হাজার শেয়ার বাজারে ছাড়বে, যা ৮৬ হাজার ২৮৮টি লটের মাধ্যমে বিভাজিত।একইভাবে ইউনিক হোটেলের প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারিত হয়েছে ৭৫ টাকা। এর মধ্যে ১০ টাকা অভিহিত মূল্য আর ৬৫ টাকা প্রিমিয়াম। কোম্পানিটির প্রতিটি বাজারগুচ্ছ বা মার্কেট লটে রয়েছে ১০০টি শেয়ার। সেই হিসাবে প্রতি লট শেয়ারের আবেদনের জন্য লাগবে সাড়ে সাত হাজার টাকা। কোম্পানিটি আইপিওর মাধ্যমে মোট দুই কোটি ৬০ লাখ শেয়ার বাজারে ছাড়বে, যা দুই লাখ ৬০ হাজার লটের মাধ্যমে বিভাজিত।আইপিতে চাঁদা গ্রহণ সম্পন্ন হওয়ার পর নিয়মমাফিক লটারি অনুষ্ঠিত হবে এবং সে অনুযায়ী শেয়ার বরাদ্দ করা হবে। এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে এই দুই কোম্পানি বাজারে তালিকাভুক্ত হবে।