দুই এক্সচেঞ্জে সূচক কমলেও বেড়েছে লেনদেন
টানা পাঁচ দিন ঊর্ধ্বমুখী থাকার পর আজ মঙ্গলবার দেশের পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতা লক্ষ করা গেছে। উভয় স্টক এক্সচেঞ্জেই সাধারণ সূচক ছিল নিম্নমুখী। তবে লেনদেন কিছুটা বেড়েছে।ডিএসই সূত্রে জানা যায়, সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। তবে পাঁচ মিনিটের মাথায় সূচক নিম্নমুখী হয়। কিছুক্ষণের মধ্যে সূচক আবার ৩০ পয়েন্টর বেশি বেড়ে যায়। বেলা ১১টা ৪০ মিনিটের পর সূচক আবার নিম্নগামী হয়। এরপর সূচক একাধিকবার ওঠানামা করে। দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৮০.০৬ পয়েন্ট কমে ৬৪৫৫.৮১ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে আজ হাত বদল হওয়া ২৬১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট এক হাজার ১৪৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৮৮ কোটি টাকা বেশি।ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো আফতাব অটোমোবাইল, কনফিডেন্স সিমেন্ট, বেক্সিমকো, বেক্সটেক্স, ইউনিয়ন ক্যাপিটাল, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, গোল্ডেন সন, তিতাস গ্যাস ও বিডি ফিন্যান্স।ডিএসইতে আজ সবচেয়ে বেশি বেড়েছে সেন্ট্রাল ইনস্যুরেন্সের শেয়ারের দাম। এ ছাড়া প্রগতি ইনস্যুরেন্স, এমবি ফার্মা, জুট স্পিনার্স, ফার্মা এইড, রহিম টেক্সটাইল, বঙ্গজ, জেমিনি সি ফুড, সোনার বাংলা ইনস্যুরেন্স ও ঢাকা ইনস্যুরেন্স দাম বৃদ্ধিতে শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।আজ সবচেয়ে বেশি কমেছে ইউনিয়ন ক্যাপিটালের শেয়ারের দাম। এ ছাড়া রিলায়েন্স ইনস্যুরেন্স, ট্রাস্ট ব্যাংক, লিগাসি ফুটওয়্যার, সমতা লেদার, সমরিতা হাসপাতাল, মুন্নু জুটেক্স, যমুনা অয়েল, ইসলামিক ফিন্যান্স ও ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট দাম কমে যাওয়া শীর্ষ ১০ এর তালিকায় রয়েছে।অন্যদিকে আজ সিএসইর সার্বিক মূল্যসূচক ৫৮.১৪ পয়েন্ট কমে ১৮০৪২.৬৬ পয়েন্টে দাঁড়ায়। আজ সিএসইতে হাতবদল হওয়া ২০৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ১১০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে নয় কোটি টাকা বেশি।