দুই এসইজেডের লাইসেন্স পেল বসুন্ধরা
দুটি বেসরকারি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) নির্মাণের প্রাক্-যোগ্যতা লাইসেন্স পেল বসুন্ধরা গ্রুপ। গতকাল বৃহস্পতিবার ‘বসুন্ধরা স্পেশাল ইকোনমিক জোন’ ও ‘ইস্ট-ওয়েস্ট স্পেশাল ইকোনমিক জোন’ নামের ওই এসইজেড দুটির লাইসেন্স দেয় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।
এসইজেড দুটি হবে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে। প্রাথমিকভাবে লাইসেন্স দেওয়ার পর শর্ত পূরণ হলে চূড়ান্ত লাইসেন্স পাবে বসুন্ধরা।
লাইসেন্স দেওয়া উপলক্ষে গতকাল বেজার কার্যালয়ে এক অনুষ্ঠানে সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, নির্বাহী সদস্য মো. এনামুল হক, আব্দুস সামাদ, হরিপ্রসাদ পাল, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের উপদেষ্টা মাহবুব হায়দার খান ও বসুন্ধরা এসইজেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. ফখরুদ্দীন উপস্থিত ছিলেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বেজা।
২০৩০ সালের মধ্যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল তৈরি করতে চায় সরকার। বসুন্ধরার দুটিসহ বেজা এখন পর্যন্ত বেসরকারি খাতে ১০টি এসইজেডের প্রাক্-যোগ্যতা লাইসেন্স দিয়েছে।
এর মধ্যে বসুন্ধরা স্পেশাল ইকোনমিক জোনের প্রস্তাবিত আয়তন প্রায় ২২৩ একর ও ইস্ট-ওয়েস্ট স্পেশাল ইকোনমিক জোনের আয়তন প্রায় ২১৯ একর। দুটির মোট আয়তন হবে ৪৪২ একর। বসুন্ধরার দাবি, দুটি এসইজেডে প্রায় ৪০ হাজার লোকের কর্মসংস্থান হবে।