দুই কোটি টাকার বেশি সম্পদ ১১ হাজারের
১৯৭৪ সালে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে ১০ কাঠার একটি প্লট কিনেছিলেন বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত একজন বড় কর্তা। সাকল্যে তখন দাম পড়েছিল ৬০ হাজার টাকা। আশির দশকের মাঝামাঝি সময়ে সেই প্লটে বাড়ি করলেন। সব মিলিয়ে খরচ পড়ল লাখ বিশেক। প্রায় তিন দশক ধরেই তিনি আয়কর নথিতে সেই প্লট ও বাড়ির মূল্য দেখান বিশ লাখ টাকা। অথচ বর্তমান বাজারমূল্যই হবে কমপক্ষে ২০ কোটি টাকা।
আইন অনুযায়ীই এই প্লট ও বাড়ির সম্পদের বিপরীতে ওই বড় কর্তাকে সারচার্জ দিতে হয় না। চার বছর ধরে তিনি সারচার্জ থেকে পার পাচ্ছেন।
২০১১-১২ অর্থবছর থেকে এভাবে সম্পদের ওপর সারচার্জ আরোপ করা হলেও প্রকৃত সম্পদ আড়ালেই থাকছে। ঢাকার অভিজাত এলাকায় বসবাস ও দামি গাড়ি হাঁকান। কিন্তু তাঁদের বার্ষিক আয়কর বিবরণীতে এসব সম্পদের কেনা দামই দেখান। অনেক ক্ষেত্রে আবার এসব বাড়ি-গাড়ি দেখানো হয় কোম্পানির নামে। এতে সম্পদ গোপনই থেকে যায়। আবার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমিজমা, বাড়িসহ সম্পদের মূল্যমান তো নির্ধারণ করাই যায় না।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ হিসাবে দেখা গেছে, সারা দেশে মাত্র ১১ হাজার ব্যক্তির সম্পদের মূল্য দুই কোটি টাকার বেশি। তাঁরা ১৪-১৫ অর্থবছরে এ সম্পদ দেখিয়ে সারচার্জ দিয়েছেন। তাঁদের দেওয়া করের ওপর বিভিন্ন হারে সারচার্জ আরোপ হয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে দুই কোটি টাকার সম্পদ থাকলেই সারচার্জ বসেছে, যা এখন বেড়ে সোয়া দুই কোটি টাকা হয়েছে।
গত বছর এনবিআর ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের বাড়িওয়ালাদের ওপর একটি জরিপ করেছে। সেই জরিপে দেখা গেছে, এ দুই শহরে এক লাখ চার হাজার বাড়িওয়ালা আছেন, যাঁরা কর দেন না। অথচ বেশির ভাগ বাড়িওয়ালার সম্পদের বর্তমান বাজারমূল্য দুই কোটি টাকার কম নয়।
এ বিষয়ে জানতে চাইলে এনবিআরের সাবেক সদস্য সৈয়দ আমিনুল করিম বলেন, সম্পদের মূল্যমান নির্ধারণ করার কোনো পদ্ধতি না থাকায় প্রকৃত সম্পদধারী চিহ্নিত করা যাচ্ছে না। এতে এনবিআর অসম্ভব রাজস্ব হারাচ্ছে। মালয়েশিয়ার মতো এনবিআরেও একটি মূল্যমান নির্ধারণের ইউনিট গঠন করা জরুরি। আপাতত পাইলট ভিত্তিতে হলেও এ ইউনিট চালু করা দরকার। তাঁর মতে, গত কয়েক বছরে যাঁরা সম্পদের মালিক হয়েছেন, তাঁরাই শুধু সারচার্জ দেবেন। আর যাঁরা অনেক আগে থেকেই ধনী, তাঁরা পার পেয়ে যাবেন। এটা করদাতাদের প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে না।
তবে চার বছরের ব্যবধানে এমন সম্পদধারী আড়াই গুণ বেড়েছে। বেড়েছে সারচার্জ আদায়ের পরিমাণও। ২০১১-১২ অর্থবছরে দুই কোটি টাকার বেশি সম্পদধারী ছিলেন মাত্র ৪ হাজার ৪৪৬ জন। তখন সারচার্জ বাবদ এনবিআর পেয়েছে ৪৪ কোটি ৬২ লাখ টাকা। এখন (২০১৪-১৫ অর্থবছরে) এমন সম্পদধারী বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৯৩১ জনে। সারচার্জ প্রাপ্তি ২৫৪ কোটি টাকা। এ ছাড়া এমন সম্পদধারীর সংখ্যা ছিল ২০১২-১৩ অর্থবছরে ৫ হাজার ৬৬২ এবং ২০১৩-১৪ অর্থবছরে ১০ হাজার ১৫২। এনবিআরের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, মূলত গত চার বছরে যাঁরা ফ্ল্যাট ও প্লট কিনেছেন, তাঁরা এ তালিকায় ঢুকে গেছেন।
কোথায়, কত সম্পদশালী: এনবিআরের সর্বশেষ হিসাবে, দুই কোটি টাকার বেশি সম্পদধারী সবচেয়ে বেশি আবাসন ব্যবসায়ীরা। তাঁরা কর অঞ্চল-৫-এর করদাতা। গত অর্থবছরে এ কর অঞ্চলের ৭৮৫ জন করদাতা তাঁদের সম্পদের পরিমাণ দুই কোটি টাকা বেশি বলে দেখিয়েছেন।
এরপর রাজধানীর ধানমন্ডি এলাকার করদাতারা বেশি সম্পদশালী। কর অঞ্চল-৬-এর বা ধানমন্ডি, জিগাতলা, কলাবাগান, পান্থপথের বাসিন্দা এমন ৭৫৬ জন করদাতা সারচার্জ দিয়েছেন।
বড় করদাতাদের মধ্যে মাত্র ৩০৬ জন সারচার্জ দিয়েছেন। তাঁরা বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) করদাতা। তাঁরা বড় বড় কোম্পানির মালিক। এলটিইউ সূত্রে জানা গেছে, এলটিইউর করদাতারা বড় বড় প্রতিষ্ঠানের মালিক বা পরিচালক হওয়ায় তাঁরা প্রতিষ্ঠানের বাড়ি-গাড়ি ব্যবহার করেন। উল্লেখ্য, এলটিইউতে নিবন্ধিত করদাতা আছেন ৭০৬ জন।
সারা দেশের মধ্যে ঢাকা বিভাগেই সর্বোচ্চ ৭ হাজার ৭৪৪ জন আছেন, যাঁদের সম্পদের পরিমাণ দুই কোটি টাকার বেশি। একইভাবে সবচেয়ে কম সম্পদের মালিক রংপুর বিভাগে, মাত্র ৬৭ জন। এ ছাড়া বিভাগীয় হিসাবে চট্টগ্রামে ১ হাজার ৭৪৮ জন, খুলনায় ৩০৬ জন, রাজশাহীতে ৯০ জন, বরিশালে ৮৬ জন, সিলেটে ২৩৪ জন, কুমিল্লায় ২৫৫ জন, ময়মনসিংহে ৭০ জন এমন সম্পদধারী আছেন।
তবে এ ধরনের সারচার্জ আরোপের বিপক্ষে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। প্রথম আলোকে তিনি বলেন, এটা কোন ধরনের কর, তা নিয়ে বিতর্ক রয়েছে। সারচার্জ হলে তা করের ওপর কর হয়ে যায়। আবার সম্পদ কর হিসেবে বিবেচনা করা হলে তা দ্বৈত কর হয়ে যায়। কেননা, বাড়ির মালিকেরা সরকারকে হোল্ডিং ট্যাক্স দেন। তিনি আরও বলেন, ধরা যাক, কারও দুই কোটি টাকার ওপরে সম্পদ রয়েছে, কিন্তু করযোগ্য আয় নেই। তাহলে কী হবে? তিনি কি সম্পদ বিক্রি করে কর দেবেন? নাকি সম্পদের মালিক হয়েও কর দেবেন না?